ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
রূপাতলী জাগুয়া মাধ্যমিক বিদ্যালয়

১৯৯৬ ব্যাচের শিক্ষার্থীদের স্মৃতিতে অম্নান মিলন মেলা অনুষ্ঠিত

১৯৯৬ ব্যাচের শিক্ষার্থীদের স্মৃতিতে অম্নান মিলন মেলা অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

প্রকৃতিতে শীতের আমেজ। রোদের রঙ যত উজ্জ্বল হয় একটু একটু করে উত্তাপ ছড়িয়ে পড়ে বাতাসে। এরই মাঝে স্মৃতি রোমন্থনে মিলন মেলায় একঝাঁক চির তরুণ। তাদের সবার বয়স চল্লিশের ঘরে। কিন্তু স্মৃতির আয়নায় চোখে-মুখে তারুণ্যের প্রকাশ যেন সেই ঝলমলে একুশ। কেউ বন্ধুর গলা জড়িয়ে হাঁটছেন, কেউ বন্ধুকে পাশে নিয়ে সেলফি তুলছেন, চিরচেনা গানের সুরে নেচে-গেয়ে আনন্দে আত্মহারা অনেকেই।

 এমনি বৈচিত্র্যময় এক উৎসবের আনন্দে মেতে উঠেছিল বরিশাল নগরীর জিয়া নগর এলাকার আম বাগান। গত শুক্রবার (১৭ ডিসেম্বর) সারাদিন নগরীর বটতলাস্থ রূপাতলী জাগুয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি-১৯৯৬ ব্যাচের কয়েকশত শিক্ষার্থী দিনভর আনন্দে-উৎসবে মেতে ছিলেন। বর্তমানে থাকা বিভিন্ন জেলার অনেকে এসেছেন শুধু এই মিলন মেলায় অংশ নিতে, সবার সঙ্গে দেখা করার জন্য।  উৎসবের নাম ‘স্মৃতিতে অম্নান ১৯৯৬ ব্যাচ’। সেই মিলন মেলা ঘিরে বন্ধুকে কাছে পাওয়ার অভূতপূর্ব মুহূর্তগুলোর উচ্ছলতা চোখে না দেখলে বোঝা যায় না। সকাল ১০টার আগেই আমবাগান আয়োজনস্থল এসএসসি-১৯৯৬ শিক্ষার্থীদের পদভারে মুখর হয়ে ওঠে। ‘বন্ধু, কেমন আছিস, কী খবর বল?’ কুশল বিনিময় আর হৃদয়ের উষ্ণতায় প্রাণের টানে স্কুলের সেই দিনগুলোয় ফিরে আসা। স্থানে স্থানে গল্প-আড্ডা ছোট দলেও এখানে-সেখানে বসে গেছেন। এর মধ্যে চলে সকালের নাশতাপর্ব। দিনভর চলে আড্ডা, স্কুলের স্মৃতিচারণ, ফটোসেশন ও নিজেদের অংশ গ্রহনে সাংস্কৃতিক আয়োজন। মিলন মেলায় অংশগ্রহণকারী আছলাম খান ও ইয়াসিন বলেন, আমারদের পরিচয় আমরা সবাই বন্ধু। এখানে কে সাদা, কে কালা, কে ধনি কে গরিব, কে কোন দলের সেটা দেখা হবে না। এখানে আমাদের একটাই পরিচয় আমরা সবাই একে অপরের বন্ধু, জয় হোক বন্ধুত্বের।

মিলন মেলায় আসা সাবেক শিক্ষার্থী মিজান, সুমন, নয়ন, রাবেয়া, সেলিনা ও নাজমা আক্তার নাজু বলেন, ভালোবাসার টানে বন্ধুদের সঙ্গে দেখা করব বলে চলে এসেছি। তাই নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে। আমরা সবাইকে আবারও বলব বন্ধু শক্তি, বন্ধু প্রেরণা। আরেকবন্ধু মনির সিকদার বলেন, মিলন মেলার মাধ্যমে কিছু বন্ধুবৎসল পাগলা একত্রিত হলাম। ঐতিহাসিক এ সম্মিলনে বারবার মনে উদয় হলো আমরা ক্লাসে আছি। মন চায় আবার সেই দশম শ্রেণিতে ফিরে যেতে। শিক্ষকদের শাসন, পড়া না পারলে বেতের বাড়ি, নীল ডাউন, দুষ্টুমি, স্কুল পালানো, সহপাঠীর সঙ্গে খুনশুটি ইত্যাদি খুব মিস করি। জে. খান রতন বলেন, আমরা ২৫ বছর আগে এসএসসি পরীক্ষা দেওয়ার পর এতদিন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিলাম। এই অনুষ্ঠানে সব বন্ধুকে এক সঙ্গে পেয়ে আবেগাপ্লুত এবং ভীষণ আনন্দিত।

তিনি বলেন, আমাদের নিজেদের উদ্যোগে এ আয়োজনটি আরো পূর্বে করার উদ্যোগ নিয়েছিলাম কিন্তু "করোনার ভিতর আমরা আয়োজনটি করতে পারিনি। অবশেষে এই আয়োজনটি সফল করতে পারায় আমরা খুশি। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমাদের বন্ধুরা যাতে একে অপরের পাশে দাঁড়াতে পারি এটাই প্রত্যাশা। রূপাতলী জাগুয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৯৬ ব্যাচের ছাত্র ও ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফিন মাহামুদ তারেক বলেন, বন্ধুদের সঙ্গে একত্রিত হওয়ায় এক মিলন মেলায় রূপান্তরিত হয়েছে। এই বন্ধুত্ব যেন জীবনের শেষ দিন পর্যন্ত বজায় থাকবে আমার বিশ্বাস। সারা জীবন যেন বন্ধুদের পাশে থাকতে পারি। এই হাসি-আনন্দের পাশাপাশি এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে সবার জন্য কাজ করবে যেখানে যে কোনো ধরনের সহযোগিতা এবং গঠনমূলক ও সমাজসেবামূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে একটি মাইলফলক তৈরি করবে বলে আমার বিশ্বাস। ভবিষ্যতে আরও বড় পরিসরে মিলন মেলার পাশাপাশি অন্যান্য সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেও তিনি জানিয়েছেন। দুপুরের মধ্যাহ্ন ভোজের পর বিকেলে শুরু হয় বন্ধুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্যাচের বন্ধুদের হাস্যরসে ভরা উপস্থাপনা মাতিয়ে রাখে কয়েক শতাধিক শ্রোতাকে। পরে উপহার প্রদান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

পরে মিলন মেলায় মধ্যমনি ছিলেন রূপাতলী জাগুয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পরিতোষ, নুরুল ইসলাম ও বাদশা। অনুষ্ঠান চলাকালীন সময় মঞ্চের সামনে বিশাল প্যান্ডেলে রূপাতলী জাগুয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ৯৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী। তাদের মধ্যে বিশিষ্ট রাজনীতিবিদ, ব্যবসায়ী, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, সমাজসেবী, সবাই সমাজে নিজ নিজ অবস্থান নিয়ে সুপ্রতিষ্ঠিত।

 

 

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন