আগৈলঝাড়ায় চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

বরিশালের আগৈলঝাড়ায় চালককে অজ্ঞান করে হাত-পা, মুখ বেধে একটি ইজিবাইক, নগদ টাকাসহ মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, রোববার রাত ৯টায় উপজেলার বাইপাস সড়ক থেকে আগৈলঝাড়া থানা পুলিশ হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক ইজিবাইক চালককে অচেতন ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।
পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত ইজিবাইক চালক গৌরনদী উপজেলার কুতুরপুর গ্রামের মৃত ফরহাদ চৌকিদারের ছেলে সজিব চৌকিদার (১৮)।
তার ভাই রাশেদ চৌকিদার জানান, তিন মাস আগে নতুন ইজিবাইক কিনে তা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলো সজিব চৌকিদার। প্রতিদিনের মতো রোববার বিকেলে ইজিবাইক নিয়ে বের হওয়ার পর রাতে জানা যায় তাকে পুলিশ অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
ওই ইজিবাইক চালক সজিব চৌকিদার জানায়, রোববার রাত ৯টায় ঢাকা-বরিশাল মহাসড়কের আশোকাঠি ফিলিং ষ্ট্রেশনের দক্ষিণ পাশে যাত্রীবেশে ৪ জন ব্যক্তি আমাকে হাত-পা-মুখ বেঁধে ইজিবাইক, নগদ টাকা ও মোবাইল সেট নিয়ে যায়। পরে আমাকে একটি প্রাইভেটকারে হাত-পা-মুখ বেঁধে আগৈলঝাড়া উপজেলার বাইপাস সড়কে ফেলে রেখে পালিয়ে যায়।
এসময় স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে উপপরিদর্শক মিলটন মন্ডল ঘটনাস্থল থেকে ওই ইজিবাইক চালককে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে।
এদিকে একেরপর এক ইজিবাইক ছিনতাই ও ইঞ্জিন চালিত একাধিক ভ্যান চুরির ঘটনায় স্থানীয় ইজিবাইক ও ভ্যান চালকদের মধ্যে ছিনতাই ও চোর আতংক ছড়িয়ে পড়েছে।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সমীরণ হালদার জানান, অচেতন ও রক্তাক্ত অবস্থায় এক যুবককে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়।
এইচকেআর