ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • হৃদয়-শামীমের ঝোড়ো ব্যাটিংয়ে দাপুটে জয় বাংলাদেশের

    হৃদয়-শামীমের ঝোড়ো ব্যাটিংয়ে দাপুটে জয় বাংলাদেশের
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রাম থেকে: চট্টগ্রামে মধ্যরাত থেকেই ছিল টানা বৃষ্টি। এমন আবহাওয়ায় ম্যাচ আদৌ হবে কি না—তা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা।

    তবে ভোরের আলো ফুটতেই ধীরে ধীরে কমে আসে বৃষ্টির তীব্রতা। আকাশের গোমড়া মুখ দেখে কিছুটা দুশ্চিন্তায় ছিলেন ক্রিকেটপ্রেমীরাও।

    তবুও মেঘলা আকাশ উপেক্ষা করেই যারা স্টেডিয়ামে এসেছিলেন, শেষ পর্যন্ত তাদের নিরাশ হতে হয়নি। সফরকারী নিউজিল্যান্ডকে দাপটের সঙ্গে হারিয়ে জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

    চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে আজ সোমবার আগে ব্যাটিং করে নিউজিল্যান্ড সংগ্রহ করে ১৮২ রান। ব্যাটিং সহায়ক উইকেটে এই লক্ষ্য খুব একটা কঠিন ছিল না স্বাগতিকদের জন্য।

    শুরু থেকেই পরিকল্পিত ব্যাটিংয়ে সেই চাপ সহজেই সামলে নেয় বাংলাদেশ।  হৃদয় ও শামীম হোসেনের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে ১২ বল হাতে রেখেই ৬ উইকেটের সহজ জয় তুলে নেয় স্বাগতিকরা। দেশের মাটিতে বাংলাদেশের এটিই সবচেয়ে বড় লক্ষ্য পূরণ।

    কিউইদের দেওয়া ১৮৩ রানের লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম কিছুটা ধীরস্থির শুরু করেছিলেন। দলীয় ৪১ রানের মাথায় সাইফ সাজঘরে ফেরেন। ১৬ বলে ১৭ রানের ইনিংস খেলেন তিনি। 

    দ্বিতীয় উইকেটে লিটন দাস ও তানজিদ মিলে গড়েন আরও ২৫ রানের জুটি। ১৫ বলে ২১ রান করে কিউই লেগ স্পিনার ইশ সোধির বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। স্কোরবোর্ডে আরও ১০ রান করে বিদায় নেন ক্রিজে ছটফট করা তানজিদ তামিম (২০)।

    ৭৭ রানে তিন উইকেট হারানোর পরই মূলত শুরু হয় বাংলাদেশের আগ্রাসী ব্যাটিং। হৃদয় ও পারভেজ হোসেন ইমন কিউই বোলারদের নিয়ে ছেলেখেলায় মেতে ওঠেন। ২৮ বলে ৫৭ রানের জুটি গড়ে ইমন ফেরেন সাজঘরে। তার আগে খেলে যান ১৪ বলে ২৮ রানের ইনিংস। ১৫ ওভার শেষে বাংলাদেশের রান ১৩৫।

    শেষ ৫ ওভারে জিততে করতে হবে ৪৮ রান। তাওহীদ ও শামীম যেন পণ করেই নেমেছিলেন! কিউই বোলারদের পিটিয়ে একের পর এক বাউন্ডারিতে ব্যবধান কমিয়ে আনেন তারা। ১৬তম ওভারে তাওহীদের রোষানলে পড়েন নাথান স্মিথ আর ১৭তম ওভারে শামীমের রোষানলে পড়েন ম্যাথু ফিশার। 

    এমন অভিষেক ম্যাচের কথা হয়তো কোনোদিন ভুলে যাবেন না ম্যাথু ও স্মিথ। বিশেষ করে ম্যাথু নিজের শেষ ওভারে ২৫ রান দিয়ে ৪ ওভারে ৫৩ রান খরচ করে উইকেটশূন্য থাকেন। 

    হৃদয় এদিন বিধ্বংসী ব্যাটিং করেন। ক্যারিয়ারের পঞ্চম টি-টোয়েন্টি হাফ সেঞ্চুরি ছোঁয়ার দিনে খেলেন ৫১ রানের বিস্ফোরক ইনিংস। ২৭ বলে ২ চার ও ৩ ছক্কায় সাজানো ছিল তার অপরাজিত ইনিংসটি।

    অন্যদিকে তাকে যোগ্য সঙ্গ দিয়ে শামীম ১৩ বলে ৩১ রানের আরও একটি বিধ্বংসী ইনিংস খেলেন। তিনটি চার ছাড়াও দুটি ছক্কা ছিল তার ইনিংসে। ২১ বলে ৪৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের পথে নিয়ে যান তারা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ