চন্দ্রদীপ টাওয়ারে কমিউনিটি সেন্টার নির্মাণ কাজ বন্ধ করলো বিসিসি
বরিশাল নগরীর শীতলাখোলা এলাকার চন্দ্রদীপ টাওয়ারে অবৈধ কমিউনিটি সেন্টার নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) কর্তৃপক্ষ। সম্প্রতি কমিউনিটি সেন্টারের মালিক শাহিন হোসেন মল্লিককে এ সংক্রান্ত নিষেধাজ্ঞার চিঠি পৌঁছে দেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন ওই ওয়ার্ডে দায়িত্বরত রোড ইন্সপেক্টর (আর.আই) অনিক।
তিনি বলেন, ‘নিষেধাজ্ঞার ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘প্লান বহির্ভূতভাবে আবাসিক ভবনের নিচ ও দ্বিতীয় তলায় ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ তথা চালু করার বিষয়টি স্থানীয় সরকার আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ ও বে-আইনী। তাই কমিউনিটি সেন্টার মালিককে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।
এ প্রসঙ্গে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ বলেন, প্রাথমিকভাবে সরেজমিন পরিদর্শন করে কাগজপত্র মূল্যায়ন করে কমিউনিটি সেন্টার নির্মাণ অবৈধতার প্রমাণ মিলেছে। তাই নিয়ম অনুযায়ী নির্মাণ কাজ বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে। পরবর্তীতে আইন শাখা ও স্থাপত্য বিভাগের মতামত পেলে নির্মিত স্থাপনা অপসারনের পদক্ষেপ গ্রহণ করা হবে।
জানা গেছে, ‘বছর কয়েক আগে সিটি কর্পোরেশনের অনুমোদিত প্লান নিয়ে নগরীর বগুড়া রোডের শীতলাখোলায় ‘চন্দ্রদীপ টাওয়ার’ নামে একটি ১০ তলা আবাসিক ভবন নির্মাণ করে ডেভেলপার প্রতিষ্ঠান ‘হিল ভিউ হাউজিং লিমিটেড’। নির্মাণ কাজ শেষ হবার পর হাউজিং প্রতিষ্ঠান ১৯টি এবং জমির মালিক ২টি ফ্ল্যাট বিক্রি করে।
ফ্ল্যাট ক্রয়কারীদের সাথে দালিলিক চুক্তি ছিলো ফ্ল্যাটের কোন সদস্য বানিজ্যিকভাবে ব্যবহার করতে পারবে না। অথচ বছর দুয়েক না যেতেই সে চুক্তি ভঙ্গ করে জমির মালিক ফ্ল্যাট সদস্য শাহিন হোসেন মল্লিক। তিনি প্রথমে তার প্রাপ্ত অংশের নিচ তলায় একটি চাইনিজ রেষ্ট্ররেন্ট খুলেন। তখনও ফ্ল্যাটের বাসিন্দারা নিচতলার প্রধান গেট দিয়ে যাতায়াত করত।
পরে চলতি বছর তিনি নিচ তলা ও দ্বিতীয় তলায় ‘মুমীতু’ নামে একট কমিউনিটি সেন্টার খুলেন। যে কারণে প্রধান ফটক বা গেট বন্ধ করে দেন শাহিন মল্লিক। শুরু করেন কমিউনিটি সেন্টার নির্মাণসহ সাজসজ্জার কাজ। এ নিয়ে সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এর পর পরই ভবনের নির্মাণ কাজ বন্ধে নোটিশ জারি করে সিটি কর্পোরেশন।
কে আর