ঢাকা রবিবার, ২৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম

আগৈলঝাড়ায় দুটি অবৈধ স্থাপনা উচ্ছেদ 

আগৈলঝাড়ায় দুটি অবৈধ স্থাপনা উচ্ছেদ 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়ার পয়সারহাট ও পূর্ব সুজনকাঠী দুটি স্থানে সরকারী জায়গা দখল করে অবৈধ ভাবে দোকান ঘর নির্মাণ করছিল প্রভাবশালী গোপাল হালদার ও ফারুক আকন।  স্থানীয়দের অভিযোগে আগৈলঝাড়া উপজেলা প্রশাসন সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু সরকারী জায়গা দখল করা নির্মাণাধীন দুইটি দোকান ঘর উচ্ছেদ করেন।  

স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পয়সারহাটে সরকারী জায়গা অবৈধ ভাবে দখল করে গোপাল হালদার ও পূর্বসুজনকাঠী ব্রীজ সংলগ্ন স্থানে অবৈধ ভাবে খাল দখল করে ফারুক আকন কাঠের দোকান ঘর নির্মাণ শুরু করেন।  দোকানের বেশির ভাগ অংশ খালের মধ্যে ও সরকারী জায়গায় পড়েছে বলে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। দখলকারীদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পাচ্ছিল না। এই অবৈধ স্থাপনা নির্মাণ হলে খালের পানি প্রবাহ বাধাগ্রস্তসহ সরকারী জায়গা দখল হয়ে যেত। ফলে আগামী বছর ইরি-বোরো মৌসুমে ধান চাষে পানির সমস্যায় পড়তে হবে কৃষকদের।  

এলাকাবাসী অবৈধ দখল উচ্ছেদের দাবি জানিয়েছিল উপজেলা প্রশাসনের কাছে। এঘটনার পরে উপজেলা প্রশাসন থেকে সোমবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু খাল দখল করা দোকান ঘর ও সরকারী জায়গা দখল করে নির্মাণাধীন কাঠের দুইটি দোকান ঘরই উচ্ছেদ করেন। 

ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় উপস্থিত ছিলেন, থানার উপপরিদর্শক মাহাবুবসহ পুলিশ সদস্যরা।  

এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু জানান, এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিন গিয়ে ওই অবৈধ দুটি দোকান ঘর অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়েছে। খাল দখল করে অবৈধ ভাবে কোন ব্যক্তিকেই দোকান ঘর নির্মাণ করতে দেয়া হবে না।
 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ