ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

Motobad news

বাড়তি যানবাহনের চাপ বরিশাল-ঢাকা মহাসড়কে, বাড়ছে দুর্ঘটনা

 বাড়তি যানবাহনের চাপ বরিশাল-ঢাকা মহাসড়কে, বাড়ছে দুর্ঘটনা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পদ্মা সেতু চালুর পর বরিশাল-ঢাকা মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে অন্তত চার গুণ, কিন্তু সে অনুপাতে মহাসড়কের প্রশস্ততা বাড়েনি। সরু সড়কে অতিরিক্ত যানবাহন, বেপরোয়া গতি ও ওভারটেকিং এবং তিন চাকার যানের দৌরাত্ম্যে মহাসড়কটি দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে।

এক কথায় বাড়তি যানবাহনের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে বরিশাল-ঢাকা মহাসড়ক।

সংশ্লিষ্টদের মতে, মহাসড়ক প্রশস্তকরণ, আলাদা সার্ভিস লেন নির্মাণ, তিন চাকার যান নিয়ন্ত্রণ ও গতিসীমা মানলে দুর্ঘটনা কমানো সম্ভব।


যদিও সাম্প্রতিককালে ভাঙ্গা থেকে বরিশাল শহর পর্যন্ত বিভিন্ন স্থানে খণ্ডে খণ্ডে সড়ক কিছুটা প্রশস্ত করা হয়েছে, তবে সেই মহাসড়কে এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে সরু সেতু ও কালভার্টগুলো।

বাস চালক সাইদুল ইসলাম বলেন, কয়েক বছর আগেও এই মহাসড়কে নিরাপদে গাড়ি চালানো সম্ভব ছিল।


কিন্তু এখন বৈধ-অবৈধ, দ্রুত ও স্বল্প গতির যানবাহন এতটাই বেড়েছে যে গাড়ি চালাতে গিয়ে মাথায় বাড়তি চাপ নিতে হয়। তার ভাষ্য, অবৈধ যানবাহনের চালকরা কোনো নির্দেশনা মানে না।


মহাসড়কে চলাচলের নিয়মকানুন সম্পর্কেও তাদের ধারণা নেই। সরু মহাসড়কে চলা এসব গাড়ির চাপ দূরপাল্লার যানবাহনের গতি কমিয়ে দিয়েছে।

সাইদুল ইসলাম জানান, বর্তমানে ভাঙ্গা থেকে বরিশাল শহর পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে সংস্কার ও প্রশস্তকরণের কাজ চলছে। তবে খানাখন্দে ভরা এই সড়কে দ্রুতগতির গাড়ির পাশাপাশি অবৈধ ও স্বল্প গতির যানের অবাধ চলাচল এবং বিভিন্ন পয়েন্টে মহাসড়ক ঘিরে থাকা বাজারঘাট দুর্ঘটনার শঙ্কা বাড়িয়ে তুলছে।

ক্ষোভ প্রকাশ করে এই চালক বলেন, এখন তো রাতের শেষ ভাগ থেকে সকাল ৭টা ছাড়া নিরাপদে গাড়ি চালানোই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

গৌরনদী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার মো. মিজানুর রহমান বলেন, গত সাত মাসে বরিশাল-ঢাকা মহাসড়কের মাহিলাড়া থেকে বার্থী এলাকায় অন্তত ৬০ থেকে ৭০টি দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১০ জন নিহত ও শতাধিক যাত্রী আহত হয়েছেন।

দুর্ঘটনার কারণ হিসেবে তিনি অপ্রশস্ত সড়কে অতিরিক্ত গতি, ওভারটেকিং এবং সংযোগ সড়ক থেকে দুই ও তিন চাকার যানের হঠাৎ উঠে আসাকে দায়ী করেন। পাশাপাশি সড়কের বর্ধিত অংশে খানাখন্দের কথাও উল্লেখ করে তিনি বলেন, মহাসড়ক প্রশস্ত না করলে দুর্ঘটনা কমবে না।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন হোসেন জানান, বরিশালের ভুরঘাটা থেকে বাবুগঞ্জের নতুনহাট পর্যন্ত ৩২ কিলোমিটার মহাসড়ক তার থানার আওতায় রয়েছে। এর মধ্যে পাঁচটি স্থানকে ব্ল্যাক স্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে– গৌরনদী বাসস্ট্যান্ড, ইল্লা, কটকস্থল এবং উজিরপুরের সোনারবাংলা ও রামগতি। এছাড়া বার্থী, টরকী, আশোকাঠি, মাহিলাড়া, বাটাজোর, উজিরপুরের মোড়াকাঠি, সানুহার, জয়শ্রী ও ইচলাদী অংশও ঝুঁকিপূর্ণ।

ওসি মহসিন বলেন, মহাসড়কে ঠিক কতগুলো তিন চাকার যান চলে, তার সঠিক হিসাব নেই। নিয়মিত অভিযান চালিয়ে মামলা ও জব্দ করা হলেও ছাড়া পেয়ে আবার সড়কে নামে। এ সমস্যা সমাধানে সার্ভিস লেন জরুরি।

বিআরটিএর উপপরিচালক জিয়াউর রহমান জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পরও অনিয়ম পুরোপুরি থামানো যাচ্ছে না। তার মতে, পরিকল্পিতভাবে মহাসড়ক প্রশস্ত করা ছাড়া স্থায়ী সমাধান নেই।


এইচকে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন