বরগুনার বিষখালী নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ

বরগুনার বিষখালী নদীতে পরিবারের সদস্যদের সঙ্গে গোসল করতে নেমে মো. ইহান (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে বরগুনা শহরের অদূরে বড়ইতলা ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ ইহান বরগুনা সদর উপজেলার ওই এলাকার একটি পরিবারের সন্তান বলে জানা গেছে।
স্বজনরা জানান, দুপুরে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ইহান বিষখালী নদীতে গোসল করতে নামে।
এ সময় নদীর তীব্র স্রোতের টানে শিশুটি গভীর পানিতে তলিয়ে যায়। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে বেশ কিছু সময় খোঁজাখুঁজির পরও শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে পটুয়াখালী থেকে একটি বিশেষ ডুবুরি দলকে তলব করা হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত, নিখোঁজ শিশু ইহানকে উদ্ধারে বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের তল্লাশি ও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসনাইন পারভেজ বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে থানা থেকে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালান। বর্তমানে পটুয়াখালী থেকে আসা বিশেষ ডুবুরি দল শিশুটিকে উদ্ধারে নদীতে অভিযান চালাচ্ছে।
এইচকেআর