বরিশাল বোর্ডের ১৫ বিদ্যালয়ে শতভাগ পাস, পাঁচ স্কুলে পাস করেনি কেউ

বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ১৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। এর আগের বছর ১৭টি বিদ্যালয়ে শতভাগ পাস করেছিল।
এ ছাড়া বোর্ডের আওতায় বরিশাল জেলার দুটি, ঝালকাঠিতে দুটি ও পিরোজপুরে একটি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী পাস করেনি।
সোমবার (১০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আব্দুস সালাম।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, বোর্ডের আওতাধীন ১ হাজার ৫১৫টি বিদ্যালয়ের মধ্যে ১৫টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা শতভাগ পাস করেছে। এর মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ সাতটি, পিরোজপুর জেলায় তিনটি, বরগুনা জেলায় দুটি, ভোলা জেলায় দুটি ও ঝালকাঠি জেলায় একটি বিদ্যালয় রয়েছে।
তিনি আরও জানান, বোর্ডের আওতায় ৯৩৯টি বিদ্যালয়ে ৫০ শতাংশের ওপরে, কিন্তু শতভাগের নিচে শিক্ষার্থী পাস করেছে। আর ৫০ শতাংশের নিচে পাস করেছে ৫৫৬টি বিদ্যালয়ের শিক্ষার্থী।
এছাড়া বোর্ডের আওতায় তিন জেলার পাঁচটি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী পাস করেনি। এর মধ্যে বরিশালে দুটি, ঝালকাঠিতে দুটি ও পিরোজপুরে একটি বিদ্যালয় রয়েছে।
এর মধ্যে ঝালকাঠি জেলা সদরের সাওরাকাঠি নব আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে সাতজন, কাঠালিয়া উপজেলার বানাই রাবেয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ছয়জন, পিরোজপুর জেলা সদরের পোরগোলা মাধ্যমিক বিদ্যালয় থেকে আটজন, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কেরামত গায়জাউদ্দীন নূরমোহাম্মদ উচ্চ বিদ্যালয় থেকে পাঁচজন এবং বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পশ্চিম রতনপুর পঙ্কজ দেবনাথ উচ্চ বিদ্যালয় থেকে সাতজন পরীক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
এইচকেআর