বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার

বরিশালের বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে কলেজছাত্র সাইদুল ইসলাম সজীব (২৪) হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ২৪ এপ্রিল শুক্রবার রাতে র্যাব-৮ ও র্যাব-১০-এর যৌথ দল রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর বউবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। শনিবার (২৫ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৮-এর কোম্পানি অধিনায়ক মো. কামরুজ্জামান। গ্রেফতার আসামির নাম মো. লিটন খান (৩৫)। তিনি মামলার ৫ নম্বর আসামি এবং বাকেরগঞ্জের লোচনাবাদ গ্রামের মৃত মোকসেদ আলী খানের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৮ মার্চ বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নের লোচনাবাদ গ্রামে কলেজছাত্র সজীব ও তার বাবা আবুল হোসেন খান নিজেদের জমিতে ঘর নির্মাণ করতে যান। এ সময় জমি নিয়ে বিরোধের জেরে লিটন খানসহ মামলার অন্য আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান।
হামলায় সজীব গুরুতর জখম হলে তাকে উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তাকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সজীবকে ঢাকায় স্থানান্তর করা হয়।
গত ৩১ মার্চ ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সজীবের মৃত্যু হয়। এর আগে, হামলার ঘটনার পর নিহতের বাবা বাদী হয়ে গত ২৯ মার্চ বাকেরগঞ্জ থানায় আটজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। নিহত সাইদুল ইসলাম সজীব বরিশাল সরকারি কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার কে এম সোহেল রানা জানান, ‘গ্রেফতার আসামিকে বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।’