নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

মহাসড়কে নিরাপদ যাতায়াতের নিশ্চয়তা, গুরুত্বপূর্ণ পয়েন্টে ফুটওভার ব্রিজ ও স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে বরিশাল জেলার গৌরনদী উপজেলায় মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। (২০ এপ্রিল) সোমবার বেলা ১১টায় উপজেলার আশোকাঠী বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
এসময় সড়ক অবরোধ করার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে গৌরনদী মডেল থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান আকবর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা, যুবদল নেতা এনামুল হক প্রমুখ।
এসময় বক্তারা বলেন, মহাসড়কের আশোকাঠী বাসস্ট্যান্ডে বেপরোয়া যানবাহনের চাপায় প্রায়ই মানুষ মারা যাচ্ছে। দীর্ঘদিন যাবত এখানে ফুটওভার ব্রিজ অথবা স্পিড ব্রেকার নির্মাণের জন্য দাবি করা হলেও কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করে আসছে। তাই বিক্ষুব্ধ জনতা বিষয়টি কর্তৃপক্ষের নজরে নিয়ে আসার জন্য মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছি।
কর্মসূচি থেকে আগামী ৩ দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেয়া তারা। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, নিরাপদ সড়কের দাবিতে স্থানীয়রা রাস্তা অবরোধ করেছিলেন। আমরা তাদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছি। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।