মেহেন্দীগঞ্জে কৃষককে গলা ও হাত পায়ের রগ কেটে হত্যা করল বোরকা পরা দুর্বৃত্তরা

বরিশালের মেহেন্দীগঞ্জে কবির ব্যাপারী নামের এক কৃষককে হাত পায়ের রগ ও গলা কেটে হত্যা করেছে বোরকা পরা একদল দুর্বৃত্তরা।
শনিবার বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার কাজীরহাট থানার ভাসানচর ইউনিয়নের গাজীরহাট এলাকায় এ ঘটনা ঘটে। থানার ওসি মো. সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত কৃষক কবির ব্যাপারী (৫৫) মুলাদী উপজেলার কাজীরচর ইউনিয়নের দক্ষিণ বাহাদুরপুর গ্রামের হাসমত আলী ব্যাপারীর ছেলে।
স্থানীয় লোকজন ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার বিকেলে বাড়ি থেকে অটোরিকশায় করে গাজীরহাট বাজারের দিকে যাচ্ছিলেন কবির ব্যাপারী। বাজারের কাছাকাছি পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা বোরকা পরা একদল দুর্বৃত্ত অটোরিকশাটির গতিরোধ করে। এরপর তাঁকে অটোরিকশা থেকে টেনেহিঁচড়ে নামিয়ে মারধর করা হয়।
একপর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে কবিরকে জখম করে এবং তাঁর হাত পায়ের রগ কেটে দেয়। পরে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে মরদেহ পাশের একটি ডোবায় ফেলে পালিয়ে যায়। কিছু সময় পর পথচারীরা রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে নিহতের স্বজন ও পুলিশে খবর দেন।
কাজীরচর ইউনিয়ন পরিষদের সদস্য আবু হানিফ সরদার ও নিহতের এক মামা বলেন, পূর্ববিরোধের জের ধরে বোরকা পরে একদল দুর্বৃত্ত কবির ব্যাপারীর ওপর হামলা চালিয়ে তাঁকে হত্যা করেছে। হামলার পর দুর্বৃত্তরা ঘটনাস্থলে বোরকা ফেলে রেখে যায়।
ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
এইচকেআর