বাবুগঞ্জে ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার

বরিশালের বাবুগঞ্জে শ্বশুরবাড়ির এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগে নজরুল ইসলাম (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই এলাকায় ঘরজামাই হিসেবে শ্বশুরবাড়িতে বসবাস করতেন বলে জানা গেছে।
গ্রেপ্তার নজরুল ইসলাম বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন কামারপাড়া এলাকার আবুল হোসেন সরদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাবুগঞ্জ থানাধীন রহমতপুর ইউনিয়নের রাজগুরু মৃধাবাড়ী এলাকায় শ্বশুরবাড়িতে থেকে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে।
বাবুগঞ্জ থানা সূত্রে জানা যায়, ৯ সেপ্টেম্বর দিবাগত রাতে পাঁচরাস্তা এলাকায় অভিযান চালিয়ে নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় ১০ সেপ্টেম্বর বাবুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরে ওই মামলায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বাবুগঞ্জ থানায় মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নম্বর-০৮, তারিখ ১০/০৯/২০২৬।
বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, প্রতিদিন মাদক বিরোধী অভিযান চলছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি।
এইচকেআর