মহাকাশ সক্ষমতায় নতুন মাইলফলক পাকিস্তানের

চীনের সহায়তায় উচ্চক্ষমতাসম্পন্ন ইমেজিং স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে পাকিস্তান। ২৫ এপ্রিল শনিবার স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের তাইয়ুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে এই রিমোট সেন্সিং স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করা হয়।
লং মার্চ-৬ রকেটের মাধ্যমে উৎক্ষেপিত ‘পিআরএসসি-ইও৩’ স্যাটেলাইটটি নির্ধারিত কক্ষপথে সফলভাবে প্রবেশ করেছে বলে চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে। এটি চীনের লং মার্চ রকেট সিরিজের ৬৪০তম মিশন, যা দেশটির ক্রমবর্ধমান মহাকাশ কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ।
পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা স্পেস অ্যান্ড আপার অ্যাটমোসফিয়ার রিসার্চ কমিশন জানিয়েছে, ‘ইও৩’ একটি দেশীয় প্রযুক্তিতে নির্মিত ইলেকট্রো-অপটিক্যাল স্যাটেলাইট, যা দেশের মহাকাশ সক্ষমতায় নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, স্যাটেলাইটটি কেবল চিত্র ধারণেই সীমাবদ্ধ নয়; এতে রয়েছে উন্নত পরীক্ষামূলক পে-লোড। এর মধ্যে রয়েছে মাল্টি-জিওমেট্রি ইমেজিং মডিউল, উন্নত শক্তি সঞ্চয় ব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ডেটা প্রক্রিয়াকরণ ইউনিট, যা তাৎক্ষণিক বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে।
সরকারি তথ্যমতে, ইও৩ স্যাটেলাইট যুক্ত হওয়ায় পাকিস্তানের আর্থ অবজারভেশন স্যাটেলাইট বহরের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এটি প্রাকৃতিক সম্পদ পর্যবেক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং পরিবেশগত পরিবর্তন বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানিয়েছে, স্যাটেলাইটটি নগর পরিকল্পনা, খাদ্য নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় বিপ্লব ঘটাতে সহায়ক হবে।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এক বিবৃতিতে এই স্যাটেলাইট উৎক্ষেপণকে ‘ঐতিহাসিক মাইলফলক’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এটি দেশের আত্মনির্ভরতা, বৈজ্ঞানিক দক্ষতা এবং মহাকাশ প্রযুক্তিতে অগ্রগতির সুস্পষ্ট প্রমাণ।
অন্যদিকে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সুপারকোর বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়ে সরকারের পক্ষ থেকে মহাকাশ কর্মসূচি এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি মহাকাশ খাতে চীনের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, ইও৩ স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে পাকিস্তান একটি সমন্বিত আর্থ অবজারভেশন সিস্টেম গড়ে তোলার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে, যা দেশের টেকসই সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।