ডাকাতি হওয়া মালামালসহ গ্রেফতার ৩

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা এলাকার মাধবপাশা ইউনিয়নের পল্লী বিদ্যুৎ সমিতি-এর কার্যালয় সংলগ্ন জাপান টোব্যাকো কোম্পানির গোডাউন থেকে ডাকাতি হওয়া বিপুল পরিমান সিগারেটসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ কমিশনার সাইফুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন, পটুয়াখালী জেলার গলাচিপা থানার ছৈলাবুনিয়া গ্রামের আব্দুস সাত্তার মৃধা ছেলে ইয়াকুব মৃধা (৪০)। বরগুনা জেলার আমতলী উপজেলার উত্তর টিয়াখালি গ্রামের নিজাম শরীরের ছেলে মুছা(১৯) ও পটুয়াখালী জেলার গলাচিপা থানার নলুয়াবাগীর বাদুরা গ্রামের দুলাল ঢালীর ছেলে রুবেল ঢালী (২৭)।
পুলিশ কমিশনার সাইফুল ইসলাম বলেন, গত শনিবার রাত ১০টার দিকে ডাকাত দল জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড কোম্পানির নিরাপত্তারক্ষী ইমরান ও আনোয়ার হোসেনকে বেঁধে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ১৫ লাখ ৪০ হাজার ৬০০ শলাকা সিগারেট ডাকাতি করে নিয়ে যায়। পরে এ ঘটনায় জেটিআই ওয়ার হাউজ ইনচার্জ শফিকুল কাদের বাদী হয়ে অজ্ঞাতনামা ৯/১০ জন কে আসামি করে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে বরিশাল গাজীপুর মেট্রোপলিটন বাসন থানা পুলিশের সহায়তায় লুণ্ঠিত অধিকাংশ মালামালসহ বহনকারী ট্রাকটি এবং ৩ ডাকাতকে গাজীপুর ও কামরাঙ্গীরচর থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ কমিশনার বলেন, গ্রেফতারকৃতরা ডাকাতির সাথে নিজেদের সম্পৃক্ততা স্বীকার করে। এছাড়া ডাকাত ইয়াকুব মৃধার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি ও মুছার বিরুদ্ধে ১টি মামলা রয়েছে। এছাড়া এ ঘটনায় জড়িত ডাকাত দলের অন্যান্য সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
এইচকেআর