জলাবদ্ধতা নিরসনে বিএম কলেজে মানববন্ধন

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ক্যাম্পাসের জলাবদ্ধতা নিরসনে হাঁটু পানিতে দাঁড়িয়ে প্রতিবাদী মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
বুধবার সকাল ১১ টায় কলেজ জীবনানন্দ দাশ মুক্ত মঞ্চের সামনে মানববন্ধনের আয়োজন করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিএম কলেজ শাখা।
সংগঠনের কলেজ শাখার সভাপতি হাফিজুর রহমান রাকিবের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক বিজন সিকদার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য মিনহাজুল ইসলাম ফারহান প্রমুখ।
বক্তারা বলেন, ‘সামান্য বৃষ্টিতেই ঐতিহ্যবাহী বিএম কলেজে হাঁটুসমান জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এই সমস্যা এখন অসহনীয় রূপ নিয়েছে। ড্রেনেজ ব্যবস্থা সচল না থাকার ফলে জলাবদ্ধতাকে কেন্দ্র করে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছে ছাত্র-শিক্ষক-কর্মচারীরা। ক্যাম্পাসে এক বিভাগ থেকে অন্য বিভাগে যেতে হাঁটুসমান পানি পাড়ি দিয়ে যেতে হচ্ছে।
তারা আরও বলেন, ‘গত দুইদিন পূর্বে বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতা ২দিনেও কাটেনি। দুদিন পরে এসেও হাঁটুসমান পানি পাড় হতে হচ্ছে। এতে যেমন শিক্ষক-শিক্ষার্থীদের দুর্ভোগ বাড়ছে, তেমনি বাড়ছে মশার উৎপাত। ছড়াচ্ছে ভয়ংকর ডেঙ্গু।
এসময় নেতৃবৃন্দ বিএম কলেজ ক্যাম্পাসের জলাবদ্ধতা নিরসনে উন্নত ড্রেনেজ ব্যবস্থাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এইচকেআর