বৃষ্টিতে ভিজে খালের আবর্জনা পরিষ্কার করলেন স্বেচ্ছাসেবকরা

মশার বংশবিস্তার কমানো ও নিজ শহরকে পরিচ্ছন্ন রাখতে বরিশাল নগরীর চৌমাথা এলাকায় নবগ্রাম খালের ময়লার ভাগাড় পরিষ্কার করেছে বিডি ক্লিন নামে স্বেচ্ছাসেবী একটি সংগঠনের সদস্যরা।
গতকাল রোববার সকালে বরিশাল জেলা বিডি ক্লিনের ২০ জন স্বেচ্ছাসেবক প্রবল বৃষ্টিতে ভিজে টানা কয়েক ঘণ্টার কর্মযজ্ঞ শেষে খালটির একটি অংশ পরিষ্কার করেন। এরপর খালের পানির প্রবাহ স্বাভাবিক হয়।
তরুণ স্বেচ্ছাসেবকদের এমন উদ্যোগে আনন্দিত নগরবাসী। খালটি পরবর্তীতে পরিষ্কার রাখতে সচেতন থাকার কথাও জানান তারা। এসময় বিডি ক্লিনের সদস্যরা খালটি আগের মতো ফিরিয়ে আনতে জনসচেতনতা বৃদ্ধি ও যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার মানসিকতা দূর করতে আহবান জানান।
স্বেচ্ছাসেবকরা জানান, ‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’ এই সেøাগান সবার মাঝে ছড়িয়ে দিতেই কাজ করছেন তারা। কারও আশায় না থেকে নিজের শহর নিজেদের পরিষ্কার রাখতে হবে বলে জানান বিডি ক্লিনের সংগঠকরা। পরবর্তীতে এমন কাজ আরও করার কথা জানান তারা।
বিডি ক্লিনের বরিশাল জেলার সহসমন্বয়ক আরিফ হোসেন বলেন, ‘আমরা সব সময় শহর পরিষ্কার রাখতে নগরবাসীকে সচেতন করি। এ কাজ দিয়ে আমরা নগরবাসীকে খাল সম্পর্কে সচেতন করলাম।
তিনি আরও বলেন, আমাদের টিমের সদস্যরা বেশির ভাগই স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থী, তবে সব শ্রেনী পেশার মানুষই আমাদের সাথে যুক্ত আছে। পরিচ্ছন্ন ও জীবানু মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা বিডি ক্লিন ২০১৬ সালের ৩ জুন থেকে কাজ করে যাচ্ছি। নিজেদের দায়বদ্ধতা থেকে এই কাজ অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন স্বেচ্ছাসেবকরা।
সংগঠক জায়েদ ইরফানের নেতৃত্বে আরিফ হোসেন, শামিম ইসলাম, হৃদয় ফরাজি, জুনায়েদ,আব্দল্লাহ, ইলিয়াস, লামিয়া, জান্নতা, রিমা, জিনিয়া, ইতি, তামিম নিশান, ফাতিন ও রায়হান এ কাজে অংশ নেন।
আরজেএন