গত ২৪ ঘণ্টায় বরিশালে বৃষ্টির রেকর্ড ডুবেছে বিভিন্ন রাস্তাঘাট, অসংখ্য ঘরবাড়ি

টানা কয়েক দিনের ভারী বর্ষণে ডুবে গেছে বরিশাল নগরীর অধিকাংশ এলাকা। রাস্তাঘাটে পানি জমে থাকায় বিভিন্ন সড়কে গাড়ি চলাচল বন্ধ ছিল। অলিগলির ঘরবাড়িও পানিতে তলিয়ে গেছে। সপ্তাহের প্রথম কর্মদিবসে এই পরিস্থিতিতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী।
আবহাওয়ার দপ্তরের কর্মকর্তারা জানান, রোববার ভোর ৬টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ৮৮ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় (শনিবার বিকেল ৩টা থেকে রোববার ৩টা পর্যন্ত) বৃষ্টির পরিমাণ ছিল ১০৬ মিলিমিটার। এই মৌসুমে এটাই বৃষ্টির সর্বোচ্চ রেকর্ড বলে জানিয়েছেন উচ্চ পর্যবেক্ষক প্রণব কুমার রায়।
রোববার দুপুরে সরেজমিনে দেখা যায়, বৃষ্টিতে নগরীর কাউনিয়া, আমানতগঞ্জ, পলাশপুর, গোরস্তান রোড, নবগ্রাম রোড, জিয়া সড়ক, বাঘিয়া, লুৎফর রহমান সড়ক, রূপাতলী হাউজিং ও শেরেবাংলা সড়কসহ বিভিন্ন এলাকার সড়ক ও অলিগলি প্রায় হাঁটু সমান পানিতে ডুবে যায়। এতে যান চলাচল ব্যাহত হয়।
অটোরিকশা চালকরা জানিয়েছেন, ইঞ্জিনে পানি ঢুকে যাওয়ায় অনেক অটোরিকশা বিকল হয়ে গেছে। লোকজনকে কয়েকগুণ বাড়তি ভাড়ায় প্যাডেল চালিত রিকশায় চলাচল করতে হচ্ছে।
আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক প্রণব কুমার রায় জানান, মৌসুমী বায়ু ও নিম্নচাপের কারণে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। আগামী দুই-একদিন এই বৃষ্টিপাত অব্যহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
বরিশাল সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা রেজাউল করিম জানান, জলাবদ্ধতা নিরসনে আটকে যাওয়া পানি চলাচল নির্বিঘœ করতে নালাগুলোর যেসব স্থানে ময়লা-আবর্জনা জমে আছে, সেগুলো অপসারণ করা হচ্ছে।
আরজেএন