ববিতে আধিপত্য নিয়ে ছাত্রলীগের অপর পক্ষের ওপর হামলা আহত ৬, এলাকায় উত্তেজনা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের এক পক্ষের হামলায় অপরপক্ষের ৬ জন গুরুতর আহত হয়েছে। তাদেরকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত সবাই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি করেছেন। জানা গেছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা তানজিমুর আহমেদ নাবিদ ও শরীফ হাসানের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন গিয়ে গতকাল শনিবার রাতে ছাত্রলীগ নেতা অমিত হাসান রক্তিম সমর্থকদের ওপর হামলা চালায়।
এতে রক্তিম গ্রুপের অন্তত ৬ জন আহত হয়। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তারা হচ্ছেন- মো. বাকি (২৮), সালাউদ্দিন (২৫),ও মোঃ মিঠু। তাদেরকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। আহতদের অভিযোগ, হামলাকারীরা হেলমেট পরে হঠাৎ তাদের ওপর আক্রমণ করে। এ ঘটনার পর রক্তিম গ্রুপ গ্রুপ ক্যাম্পাসের সামনে ও নাবিদ গ্রুপ ভোলা রোডের জিরো পয়েন্টে অবস্থান নেয়। এতে ক্যাম্পাসের মধ্যে হলের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
বরিশালে প্রভাবশালী দুটি গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম। বন্দর থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহমান মুকুল জানান, পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। তবে এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এদিকে যাদের বিরুদ্ধে হামলার অভিযোগ তাদের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করা সম্ভব হয়নি।
আরজেএন