নারী ফুটবলারদের উপর হামলাকারিদে শাস্তি দাবিতে বরিশালে বিক্ষোভ

খুলনায় নারী ফুটবলারদের উপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় নগরীর অশ্বিনী কুমার হল টাউন হল চত্বরে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখা।
সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার সভাপতি মাফিয়া বেগমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, মহিলা ফোরামের সাধারণ সম্পাদক শানু বেগম, অর্থ সম্পাদক সালমা নাসরিন, বাসদ বরিশাল জেলার সদস্য সন্তু মিত্র, বাসদ উজিরপুর উপজেলার সংগঠক মঞ্জুর মোরশেদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য সচিব সুজন সিকদার,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ব্রজমোহন কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম।
বক্তারা বলেন, বাংলাদেশের নারীরা শত প্রতিকূলতা মোকাবেলা করে খেলাধুলায় অংশ নিয়ে এশিয়ায় চ্যাম্পিয়ন হয়েছে। অথচ নারী ক্রীড়াবিদদের বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের উদ্যোগ প্রায় শূন্য। ফুটবল খেলার প্রয়োজনে নারীর যে পোশাকই পড়তে হোক, সেটা নিয়ে কটুক্তি থেকে হামলা পর্যন্ত হওয়া আমাদের সমাজে বিদ্যমান মৌলবাদী কূপমন্ডুক চিন্তারই পরিচায়ক।
বটিয়াঘাটায় নারী ফুটবলারদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এধরনের ঘটনা আরো ঘটবে ও নারী ক্রীড়াবিদদের এগিয়ে আসার অতি দূরুহ পথ একেবারেই বন্ধ হয়ে যাবে।
অবিলম্বে খুলনার বটিয়াঘাটায় নারী ফুটবলারদের উপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নারী ক্রীড়াবিদদের নিরাপদ পরিবেশে ক্রীড়াচর্চা নিশ্চিত করার জন্য দাবি জানান বক্তারা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এইচকেআর