বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষকদের তথ্য জানেন না শিক্ষা কর্মকর্তারা

ছুটির অনুমোদন ছাড়া যেসব শিক্ষক স্কুলে অনুপস্থিত তাদের তালিকা প্রতিদিন জানাতে নির্দেশ দিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। গত ২৩ জুলাই মাউশি থেকে এ বিষয়ে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সংক্রান্ত ইস্যু করা চিঠিতে সই করেছেন মাউশির ভারপ্রাপ্ত উপপরিচালক এ.এস.এম আব্দুল খালেক। এদিকে সরকারী এ নির্দেশনার খবর জানেন না বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক আঞ্চলিক কার্যালয়ের পরিচালক প্রফেসর মোয়াজ্জেম হোসেন। বুধবার দুপুরে প্রতিবেদককে এ কথা জানান তিনি।
একই সাথে সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য বলেন এই শিক্ষা কর্মকর্তা। এর আগে গত পাঁচদিন দপ্তরটির আঞ্চলিক উপ-পরিচালক আনোয়ার হোসেনের কাছে তথ্য জানতে গেলেও বিভিন্ন অজুহাত দেখিয়ে তিনি গড়িমসি করেছেন।
সবশেষ গতকাল বুধবার দুপুরে নগরীর গোড়াচাঁদ দাস রোডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক আঞ্চলিক কার্যালয় গিয়ে উপ-পরিচালক আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভি করেননি।
এর আগে গত ১১ জুলাই থেকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়করণের দাবিতে টানা অবস্থান কর্মসূচি পালন করেন মাধ্যমিক পর্যায়ের শিক্ষকরা।
শিক্ষা কার্যক্রম বন্ধ রেখে টানা অবস্থান কর্মসূচি পালনকারী শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। গত ২৩ জুলাই মাউশি থেকে ছুটির অনুমোদন ছাড়া যেসব শিক্ষক স্কুলে অনুপস্থিত তাদের তালিকা প্রতিদিন জানাতে নির্দেশ দেয়া হয়।
সরকারী এ আদেশ সংবাদ প্রকাশে গত ২৬ জুলাই বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক আনোয়ার হোসেনের কাছে তথ্য চেয়ে ফোন দেন প্রতিবেদক। তাকে (প্রতিবেদকের) সাথে কিছুক্ষণ পর যোগাযোগ করে দেয়ার কথা বলে পরে ফোনটি রিসিভ করেননি আনোয়ার হোসেন।
একইভাবে ৩০ জুলাই রোববার এ কর্মকর্তার কাছে পুনরায় তথ্য চাইলে তিনি ঢাকায় মন্ত্রণালয় মিটিংয়ে আছেন জানিয়ে আনোয়ার হোসেন বলেন, তিনি ছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক আঞ্চলিক কার্যালয়ে তাঁর সেকেন্ড কেউ নেই যে তথ্য দিবেন। সবশেষ তথ্যর জন্য গতকাল বুধবার দুপুরে কার্যালয় গিয়ে আনোয়ার হোসেনকে না পেয়ে ফোন দেয়া হলে তিনি রিসিভ করেননি।
নাম প্রকাশ শর্তে কার্যালয়ের এক কর্মচারি জানান, ছুটির অনুমোদন ছাড়া যেসব শিক্ষক স্কুলে অনুপস্থিত তাদের তালিকা প্রতিদিন জানাতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)’র নির্দেশনার চিঠি পেয়েছেন।
কিন্তু বিভাগের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অনুপস্থিত শিক্ষকদের তালিকা তাঁরা করতে পারেননি। এমনকি ঐ সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিদর্শনেও যায়নি কোন কর্মকর্তা। তাই সংবাদ প্রকাশিত হলে কর্মকর্তার উপর চাপ পরতে পারে বিধায় তথ্য না দিয়ে গড়িমসি করা হচ্ছে বলেন ঐ কর্মচারি।
এ বিষয়ে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক আঞ্চলিক কার্যালয়ের পরিচালক প্রফেসর মোয়াজ্জেম হোসেন মুঠোফোনে জানান, উপ-পরিচালক আনোয়ার হোসেনের কাছ থেকে তথ্য না পেলে সংবাদ প্রকাশ থেকে বিরত থাকেন। আর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে জারিকৃত নির্দেশনার বিষয়ে আমার জানা নেই।
প্রসঙ্গত, গত মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ারের আমন্ত্রণে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে যান শিক্ষক নেতারা। রাত ৮টার দিকে সভায় বসেন তাঁরা। পরে জাতীয়করণের আশ্বাসে অনশন স্থগিতের ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষকরা। সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক উপ-কমিটির নেতারা উপস্থিত ছিলেন। বুধবার শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার কথা বলেন বাংলাদেশ টিচার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ।
আরজেএন