কাশীপুরে কাঁচামরিচের দাম নিয়ে ঝগড়া, ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

কম দামে কাঁচামরিচ বিক্রিকে কেন্দ্র করে বরিশালে দুইপক্ষের মারামারির সময় ছুরিকাঘাতে কামাল হোসেন (৩০) নামের এক সবজি বিক্রেতা নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৪জন। এ ঘটনায় অভিযুক্ত অপর সবজি বিক্রেতা রানাকে স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। তাকেসহ সকল আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে শনিবার সকাল ৯টায় বরিশাল নগরীর কাশীপুর বাজারে এ ঘটনা ঘটে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার পরিদর্শক লোকমান হোসেন (তদন্ত) এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত কামাল হোসেন কাশীপুর বাজারের সবজি বিক্রেতা এবং হামলাকারী সোহেল রানাও কাশীপুর বাজারে ভ্যানগাড়িতে সবজি বিক্রি করতো। প্রত্যক্ষদশীরা জানিয়েছে, কাশীপুর বাজারের স্থায়ী সবজি বিক্রেতারা সিন্ডিকেট করে স্বাভাবিক বাজার দরের চেয়ে বেশী প্রতি কেজি ৩০০ টাকা দামে কাঁচামরিচ বিক্রি করে। তবে ভ্রাম্যমন সবজি বিক্রেতা রানা স্বাভাবিক দরে অর্থাৎ ২০০ টাকা কেজিতে মরিচ বিক্রি করে। এ নিয়ে রানার সাথে স্থানীয় সবজি বিক্রেতাদের মারামারি হয়। এসময় বাজারের স্থায়ী সবজি বিক্রেতারা রানাকে মারধর শুরু করেন।
আত্মরক্ষায় রানা ভ্যানগাড়িতে থাকা চাকু বের করে এলোপাতারী কোপাতে শুরু করে। এতে কামাল হোসেনের বুকের ডান পাশে ছুড়ির আঘাত লাগে। এই ঘটনায় কামাল হোসেনসহ আহত পাঁচজনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক কামাল হোসেনকে মৃত ঘোষণা করেন। বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, আহত এবং হামলাকারী উভয়কেই হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় এই ঘটনায় কোন মামলা বা অভিযোগ হয়নি বলে জানান তিনি।
আরজেএন