বাকেরগঞ্জে শ্বশুড়ের হাতে জামাই খুনের অভিযোগ

বরিশালের বাকেরগঞ্জে জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে। নিহত রাব্বি শরীফ (২৫) পেশায় একজন ট্রলি চালক ছিলেন। শুক্রবার (২৮ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার বঙ্গশ্রী ইউনিয়নের লোচনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা যায়, লোচনাবাদ গ্রামের মুনসুর শরীফের পুত্র রাব্বি শরীফের প্রায় ৪ বছর আগে একই ইউনিয়নের পশ্চিম শ্যামপুর গ্রামের রহিম হাওলাদারের কণ্যা ইয়াছমিন বেগমের সাথে বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে রিয়ামনি নামের একটি কণ্যা সন্তান রয়েছে। নিহত রাব্বির পিতা মুনসুর শরীফ জানান, বিয়ের পর থেকেই তার পুত্রের দাম্পত্য জীবনে পারিবারিক কলহ লেগে ছিল।
গত ঈদের পর থেকে তার পুত্রবধূ ইয়াছমিন পিতার বাড়িতে চলে যায় এবং সেখানেই বসবাস শুরু করে। এ কারণে তার পুত্র রাব্বি ঈদের পর থেকে শ্বশুড় বাড়িতেই রাত্রিযাপন করছিলেন। রাব্বির ছোট ভাই রাজু শরীফ বলেন, শুক্রবার রাতে তার ছোট ভাই রাব্বির শ্বশুরবাড়ির লোকজন ফোন দিয়ে জানায় সে বিষপান করেছে। অসুস্থ অবস্থায় তাকে তারা হাসপাতালে নিয়ে যাচ্ছে। এ খবর পেয়ে তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে গিয়ে দেখেন তার ভাইকে হাসপাতালে নেয়ার অগেই মৃত্যু হয়েছে। তার ধারণা পারিবারিক কলহের জের ধরে শ্বশুরবাড়ির লোকজন তাকে হত্যা করেছে। নিহত রাব্বির ৩ বছরের একমাত্র কণ্যা রিয়ামনি জানায়, তার পিতাকে নানা লাট দিয়ে পিটিয়ে মেরেছে। কথাগুলো বলার সময় তার চোখেমুখে আতংক ছিল।
খবর পেয়ে বাকেরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আলমগীর হোসেন ঘটনাস্থলে গিয়ে রাব্বির মৃতদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আরজেএন