এসএসসিতে সারাদেশে বোর্ড সেরা বরিশাল

সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে পাশের হারে দেশের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এ পাশের হার ৯০ দশমিক ১৮ শতাংশ। যা গত বছর ছিল ৮৯ দশমিক ৬১ শতাংশ।
এদিকে, পাশের হারে বরিশাল শিক্ষা বোর্ড শীর্ষে থাকলেও কমেছে জিপিএ-৫। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৩১১ জন শিক্ষার্থী। গত বছর পেয়েছিলেন ৯ হাজার ৭৬৮ জন।
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে বরিশাল বোর্ডের ফলাফল ঘোষণাকালে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ‘গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা চার হাজারের মতো কম ছিলো। পাশের হার বেড়েছে। জিপিএ-৫ কিছুটা কমলেও শিক্ষার্থীদের ভালো ফল করার প্রবল ইচ্ছা, কঠোর অধ্যবসায়, শিক্ষক এবং অভিভাবকদের প্রচেষ্টার কারণেই এবার বরিশাল শিক্ষা বোর্ড পাশের হারে সবার শীর্ষে। এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন শিক্ষা বোর্ডের এই কর্মকর্তা।
বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরো জানান, ‘বরিশাল বোর্ডের অধীনে বিভাগের ছয় জেলার মধ্যে এক হাজার ৪৭৭টি বিদ্যালয় থেকে থেকে এবার ৯১ হাজার ৯৭৯ জন পরীক্ষার্থী ছিলো। এর মধ্যে ১৯০টি কেন্দ্রে ৯০ হাজার ১৯৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। যাদের মধ্যে পাশ করেছে ৮১ হাজার ৩৩৯ জন। শতভাগ পাশ করা বিদ্যালয়ের সংখ্যা ২৩১টি। পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ৪৫ জন শিক্ষার্থী বহিস্কার হয়েছে।
এই কর্মকর্তা জানিয়েছেন, ‘এবারও পাশ এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে এগিয়ে আছে মেয়েরা। এমনকি বিষয় ভিত্তিক অর্থাৎ বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ থেকেও পাশের হারেও মেয়েরা এগিয়ে। এবার বরিশাল বোর্ডে মেয়েদের পাশের হার ৯১ দশমিক ৯৪ এবং ছেলেদের ৮৮ দশমিক ২৬ শতাংশ।
অপরদিকে, ‘জেলা অনুযায়ী বরিশাল বিভাগের মধ্যে পাশের হারে শীর্ষে রয়েছে ভোলা জেলা। এ জেলায় পাশের হার ৯১ দশমিক ০৪ শতাংশ। গত বছরও ফলাফলে শীর্ষে ছিলো এই জেলাটি।
বোর্ডের তথ্য অনুযায়ী ভোলা জেলা থেকে এবছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৪ হাজার ৮৭৮ জন পরীক্ষার্থী। এদের মধ্যে থেকে পাশ করেছে ১৩ হাজার ২৪৭ জন। যার মধ্যে ছাত্র ৬ হাজার ৮৮৭ জন এবং ছাত্রী ৬ হাজার ৩৬০ জন। এ জেলার ৪৩টি স্কুলের পরীক্ষার্থীরা শতভাগ পাশ করেছে।
তবে ফলাফল বলছে, বোর্ডে পাশের হারে মেয়েরা এগিয়ে গেলেও ভোলা জেলায় পাশের হারে কিছুটা এগিয়ে আছে ছেলেরা।
পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া বরিশাল জিলা স্কুল থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী জারিফের মা জাহানারা আলম বলেন, ‘সকল অভিভাবকের স্বপ্ন থাকে সন্তান পরীক্ষায় ভালো ফলাফল করবে। আল্লাহ আমাদের স্বপ্ন পুরণ করেছেন। জারিফ জিপিএ-৫ পেয়েছে। এখন ছেলেকে পছন্দের কলেজে ভর্তি করে সুশিক্ষায় শিক্ষিত করাই আমাদের লক্ষ্য।
বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবা হোসেন বলেন, ‘ফলাফলে আমাদের বিদ্যালয় বরাবরের মতই ভালো করেছে। এজন্য শিক্ষার্থী এবং অভিভাবকদের ধন্যবাদ জানাবো। কেননা অভিভাবকরা তাদের সন্তানদের প্রতি বেশি মনোযোগী এবং শিক্ষার্থীদের প্রবল ইচ্ছা শক্তির কারণেই আমাদের এই বিদ্যালয়ের ভালো ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে।
এক নজরে সকল বোর্ডের ফলাফল:
বরিশাল ৯০ দশমিক ১৮ শতাংশ, ঢাকা বোর্ড ৭৭ দশমিক ৫৫ শতাংশ, রাজশাহী ৮৭ দশমিক ৮৯ শতাংশ, কুমিল্লা ৭৮ দশমিক ৪২ শতাংশ, যশোর ৮৬ দশমিক ১৭ শতাংশ, চট্টগ্রাম ৭৮ দশমিক ২৯ শতাংশ, সিলেট ৭৬ দশমিক ০৬ শতাংশ, দিনাজপুর ৭৬ দশমিক ৮৭ শতাংশ, ময়মনসিংহ ৮৫ দশমিক ৪৯ শতাংশ।
আরজেএন