আবাসিক হোটেল থেকে ফল ব্যবসায়ীর লাশ উদ্ধার

বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে রানা মিয়ার (২১) নামের এক ফল ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে নগরীর পোর্ট রোডে হোটেল সী-প্যালেসের একটি কক্ষ থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত রানা নরসিংদীর শিবপুর থানার শবদর আলীর বাড়ির বাছেদ মিয়ার ছেলে। তিনি পেশায় ফল ব্যবসায়ী ছিলেন। নরসিংদী থেকে লটকন বিক্রির জন্য বরিশালে এসেছিলেন তিনি।
কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক সুমন জানান, নরসিংদী থেকে লটকন নিয়ে এসে নগরীর পোর্ট রোড এলাকার বিভিন্ন আড়তে পাইকারী বিক্রি করতেন রানা।
ব্যবসার সুবাদে ২৪ জুলাই ভোরে পোর্টরোড এলাকার হোটেল সী প্যালেসের তৃতীয় তলার ২০৯ নম্বর কক্ষ ভাড়া নিয়ে অবস্থান করছিলেন তিনি। শুক্রবার হোটেল কক্ষে তার কোন সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না।
পোর্ট রোডের ভূইয়া বাণিজ্যালয়ের শ্রমিক আসলাম বলেন, ‘মামা জামাল ফোন করে শাকিলকে পায়নি। তখন আমাকে ফোন করে শাকিলের খবর নিতে বলেন। হোটেলে গিয়ে কক্ষের দরজা ধাক্কাধাক্কি করেও কোন সাড়া না পেয়ে দরজা ফাঁকে উকি দিয়ে দেখতে পাই গলায় ফাঁস দেয়া অবস্থায় শাকিলের মৃতদেহ ঝুলে আছে। পরে পুলিশকে খবর দেয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রানার মৃতদেহ গামছা দিয়ে ফ্যানের সাথে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা সুমন বলেন, ‘হোটেল কক্ষের দরজা ভিতর থেকে বন্ধ ছিলো। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করে বলা যাবে।
এইচকেআর