আওয়ামী লীগ সরকারের কারণে শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও অবকাঠামোর উন্নয়ন হচ্ছে: ইউনুস

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার ইউনুস বলেছেন, আওয়ামী লীগ ধারাবাহিক ভাবে সরকার গঠন করে ক্ষমতায় থাকার কারণেই দেশে আজ আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর বিজ্ঞান সম্মত শিক্ষার গুনগত মান বৃদ্ধি পেয়েছে।
পাশাপাশি পড়াশুনার সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোরও ব্যাপক উন্নয়ন হচ্ছে। গতকাল বুধবার সকালে মুলাদী উপজেলার চরকালেখান আর্দশ কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, দোয়া মোনাজাত এবং কলেজের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বছরের প্রথম দিনে উৎসব করে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া, শিক্ষাবৃত্তি, শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ , শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি, আধুনিক ক্লাশরুম, বিজ্ঞান ল্যাব প্রতিষ্ঠা সহ নানা ধরণের সুযোগ সুবিধা প্রদান এক মাত্র সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারে থাকার কারণে। তাই দেশের কাঙ্খিত উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা ও শিক্ষার গুণগত মান ধরে রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে বিপুল ভোটে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে জননেত্রী শেখ হাসিনা কে বিজয়ী করার আহবান জানান ইউনুস।
চরকালেখান আর্দশ কলেজের অধ্যক্ষ কবির হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান কে এম তারিকুল ইসলাম মিঠু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম এ বারী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাইনুল আহসান সবুজ, মুলাদী পৌর আওয়ামী লীগের সভাপতি জিয়াউল আহসান শিপু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সুমন উপস্থিত ছিলেন। এর আগে কলেজের নিজস্ব অর্থায়নে কলেজ মাঠে বালু ভরাট, সীমানা প্রাচীর, গেট, ছাত্রাবাস ও মসজিদ নির্মাণ সম্পন্ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এইচকেআর