গৌরনদীতে কাভার্ডভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১০

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে এবার কাভার্ডভ্যান ও যাত্রীবাহী অন্তরা পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
উপজেলার আশোকাঠিতে দুই যাত্রীবাহী পরিবহনের মুখোমুখি সংঘর্ষের ঘটনার ২৪ ঘণ্টা না যেতেই মাহিলাড়া বাসষ্টান্ডের পাশে মাহিলাড়া ডিগ্রী কলেজের সামনে বুধবার দুপুরে পুনরায় সংঘর্ষ হয়।
গৌরনদী ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মারা যাওয়ার কোন খবর যায়নি।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান, মাহিলাড়া বাসষ্টান্ডের পাশে মাহিলাড়া ডিগ্রী কলেজের সামনে বুধবার দুপুর দুইটার দিকে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী অন্তরা পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় যাত্রীবাহী অন্তরা পরিবহনের সামনের অংশ দুমরে মুচরে যায়। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস, গৌরনদী মডেল থানা ও হাইওয়ে থানা পুলিশ স্থানীয়দের নিয়ে উদ্ধার কাজ পরিচালনা করেন।
তারা আহত ১০ জনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বাস চালকের অবস্থা খুবই খারাপ। উদ্ধার কর্মীরা বাসের সামনের অংশ কেটে চালককে উদ্ধার করেছে।
এর আগে মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে গৌরনদী উপজেলার আশোকাঠি বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কে ইলিশ ও শ্যামলী পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ইলিশ পরিবহন উল্টে গিয়ে রাস্তার পাশে পুকুড়ে পড়ে।
এইচকেআর