বরিশাল ক্লাব নিয়ে মামলায় মেয়র সাদিক আবদুল্লাহকে শোকজ

বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে বরিশাল ক্লাব লিমিটেডের সভাপতি ও সাধারণ সম্পাদককে তাদের দায়িত্ব পালনে কেন নিষেধাজ্ঞা দেয়া হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে আদালত।
বাদী পক্ষের আবেদনের প্রেক্ষিতে বরিশাল সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক হাসিবুল হাসান এই আদেশ দেন। আগামী ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়।
সোমবার বিকেলে বাদী পক্ষের আইনজীবী আজাদ রহমান ও একই আদালতের বেঞ্চ সহকারী বায়েজিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
বাদী পক্ষের আইনজীবী জানান, ‘অবৈধভাবে বরিশাল ক্লাব লিমিটেডের সভাপতি পদ দখল করে কোটি কোটি টাকার ক্ষতি সাধন ও ক্লাবের নিয়ম বহির্ভূত কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগ আনা হয় সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে।
গত ১৩ জুলাই বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহ এবং সম্পাদককে বিবাদী করে আদালতে মামলা করেন বরিশাল ক্লাবের সদস্য মফিজুর রহমান চৌধুরী। বিচারক মামলাটি সেদিন শুনানির জন্য অপেক্ষমান রাখেন।
পরবর্তী ১৬ জুলাই বাদী তার আইনজীবীর মাধ্যমে আরেকটি দরখাস্তে বিবাদীদের ক্লাবের সভাপতি ও সম্পাদকের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে আদালতের কাছে আবেদন করেন।
শুনানি শেষে আদালত মামলাটি গ্রহণ এবং সভাপতির দায়িত্বে থাকা মেয়র সাদিক আবদুল্লাহ ও সম্পাদককে ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর আদেশ দেন।
এদিকে মামলা আইনগত ভাবে মোকাবিলার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল ক্লাব কর্তৃপক্ষ। গত রোববার রাতে বরিশাল ক্লাব লিমিটেডের পরিচালনা পর্ষদের জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির অফিস সেক্রেটারি আমিনুল ইসলাম পরাণ।
আরজেএন