দক্ষিণাঞ্চলের উন্নয়ন শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বলেছেন, বাংলাদেশে ৪শ ৫টি চলমান নদী আছে, আবহাওয়া পরিবর্তনের কারণে বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের কারনে তুলনামূলক ভাবে নদী ভাঙ্গন বৃদ্ধি পেয়েছে।
যে কারনে বরিশালে প্রতি সপ্তাহে দুইদিন থেকে এই আসনের জনগনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তিনি বলেন, এর আগে এই আসনে ৫ বার ২৫ বছর যাবৎ সংসদ সদস্য থাকা সত্ত্বেও দৃশ্যমান কোন উন্নয়ন তো দূরের কথা সদর আসনের অধিকাংশ এলাকার মানুষ তাদের চেহারাও দেখতে পারেন নি।
শনিবার বিকেল সাড়ে ৪ টায় সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের শালুকা ৩ নম্বর ওয়ার্ডের শালুকা মিরা বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বরিশাল তথ্য কেন্দ্রের আয়োজনে বিশেষ উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, এক সময়ের অবহেলিত দক্ষিণাঞ্চলের উন্নয়ন একমাত্র শেখ হাসিনা'র জন্যই সম্ভব হয়েছে। স্বপ্নের পদ্মা সেতু উন্নয়নের মাইলফলক হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে গোটা বিশ্ববাসীর কাছে। তাই দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও যাতে শেখ হাসিনা সরকার গঠন করতে পারে সেজন্য সকলে নৌকার প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান।
সদর উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম ইতালি শহিদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু। এছাড়াও উপস্থিত ছিলেন, চরমোনাই ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক নুরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন।
এইচকেআর