হাসপাতালের ফটকে তালা লাগিয়ে রোগীর উপর হামলা

হাসপাতালের ফটকে তালা লাগিয়ে বহিরাগত লোক এনে রোগী ও তার স্বজনদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে এক আয়ার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার রাতে বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
হামলার শিকার উপজেলার কসবা গ্রামের মৃত জুয়েল খানের স্ত্রী শিমুল বেগম অভিযোগ করে বলেন, গত দুইদিন পূর্বে শ্বাসকষ্ট নিয়ে উপজেলা হাসপাতালে ভর্তি হই। হাসপাতালে কাঙ্খিত সেবা না পেয়ে অন্যত্র চিকিৎসার জন্য বুধবার রাতে হাসপাতালের দ্বিতীয় তলায় নার্সদের রুমে ছাড়পত্র নিতে যাই।
এসময় নার্সদের রুমে থাকা আয়ার সাথে সামান্য কথাকাটাকাটি হয়। এ ঘটনার জেরধরে ওই আয়া বহিরাগত লোকজন এনে হাসপাতালের ফটক আটকিয়ে আমার উপর হামলা চালায়। এসময় আমাকে রক্ষায় ছেলে-মেয়ে এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়। একপর্যায়ে হাসপাতালের মধ্যে আমাদের জিম্মি করে চিকিৎসার জন্য ব্যাগে রাখা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় হামলাকারীরা।
তিনি আরও বলেন, নার্সদের সামনে বসে জোরপূর্বক আমার হাতের ক্যানোলা খুলে ফেলে ওই আয়া। এমনকি হাসপাতালের মধ্যে হামলার ঘটনা ঘটলেও কোন ডাক্তার বা নার্সরা আমাদের রক্ষায় এগিয়ে আসেনি। ঘটনার সাথে জড়িত আয়াকে প্রথমে চিনতে না পারলেও পরবর্তীতে খোঁজখবর নিয়ে জানতে পারি ওই আয়ার ডাক নাম নিপসুন নাহার।
এবিষয়ে জানতে অভিযুক্ত আয়াকে একাধিকবার ফোন দেয়া হলেও বন্ধ থাকায় বক্তব্য নেয়া যায়নি। ঘটনার পর থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামানের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এমনকি হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়েও তার কোন বক্তব্য পাওয়া যায়নি। এব্যাপারে জেলা সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান বলেন, ভুক্তভোগীরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এইচকেআর