২৫ কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করলো জেলা প্রশাসন কর্মচারীদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ

তথ্য গোপন করে সরকারি কর্মচারী হয়েও অবৈধভাবে গ্রহণ করা প্রায় ২৫ কোটি টাকার খাস জমি উদ্ধার করেছে বরিশাল জেলা প্রশাসন।
বুধবার দুপুরে সদর উপজেলার চরআইচা মৌজার বরাদ্দকৃত ৫ একর জমি বন্দোবস্ত বাতিল করে সরকারি কর্মচারীদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ঘটনাস্থলে গিয়ে বরিশালের জেলা প্রশাসন জাহাঙ্গীর হোসেন বলেন, বরিশালের বিভাগীয় কমিশনার অফিসে কর্মরত থাকা অবস্থায় এক কর্মচারী মিথ্যা তথ্য দিয়ে পরিচয় গোপন করে খাস জমি বন্দোবস্ত নেয়।
বিষয়টি দীর্ঘ বছর পর জেলা প্রশাসন জানতে পেরে তার বন্দোবস্ত বাতিল করে। এখন সেখানে সরকারি কর্মচারীদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যেহেতু ওই কর্মচারী বর্তমানে অবসরে রয়েছে, তাই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহ মো. রফিকুল ইসলাম, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।
আরজেএন