তারুণ্যের সমাবেশ শেষে বঙ্গবন্ধু উদ্যানে মারামারি

নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত তারুণ্যের সমাবেশ শেষে যুবদলের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এসময় যুবদলের এক নেতাকে বেধম মারধর করেছে প্রতিপক্ষের লোকেরা।
শনিবার বিকালে বিএনপির তারুণ্যের সমাবেশে শেষে ফেরার পথে বঙ্গবন্ধু উদ্যানে এই ঘটনা ঘটে। তবে আহতের নাম জানা না গেলেও তিনি মহানগর বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরিনের লোক বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আর হামলাকারীর নাম রুবেল বলে জানিয়েছেন তারা।
যদিও ঘটনার সময় মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আফরোজা খানম নাসরিন ঘটনাস্থলে থাকলেও এ বিষয়ে তিনি কিছু জানেন না এবং আহত বা হামলাকারী কারা সে বিষয়টিও অবগত নন বলে দাবি করেছেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ‘তারুণ্যের সমাবেশ শেষে ফেরার পথে বঙ্গবন্ধু উদ্যানের মধ্যে হঠাৎ দুই পক্ষের মধ্যে হাতাহাতি এবং মারামারি হয়। একপর্যায় এক পক্ষ অপর পক্ষের এক নেতাকে বেধম মারধর করে। এসময় মাঠে উপস্থিত নেতাকর্মীরা তাদের নিয়ন্ত্রণে আনে। ঘটনার সময় আহত বা হামলাকারী কারোর নাম প্রকাশে অপরাগতা প্রকাশ করেন উপস্থিত নেতাকর্মীরা। তবে দুই পক্ষই সাবেক ছাত্রদল ও যুবদলের নেতাকর্মী বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
আরজেএন