বর্তমান কমিটির মেয়াদ থাকতেই নতুন কমিটি ঘোষণা

বরিশাল জেলা পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির কমিটির মেয়াদ পূর্ণ হওয়ার আগেই কমিটি ঘোষণা করেছে অপর পক্ষ। গতকাল মঙ্গলবার দুপুরে বরিশাল সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের নবনিবার্চিত কাউন্সিলর হুমায়ুন কবিরের বাসায় বাস মালিকদের সাথে এক মতবিনিময় সভায় এ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সুলতান মাহামুদকে সভাপতি ও হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
তবে এ কমিটি অবৈধ বলে দাবি করেছেন মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন। তিনি বলেন, দুপুরের খাবারের দাওয়াত দিয়ে বাসায় ডেকে নিয়ে মালিকদের ভয়ভীতি দেখিয়ে এ কমিটি ঘোষণা করা হয়েছে। শিপন বলেন, আগামী ডিসেম্বর পর্যন্ত কমিটির মেয়াদ রয়েছে। এর মধ্যে কোন কমিটি করতে হলে জরুরি সাধারণ সভার প্রয়োজন রয়েছে। কিন্তু কোন কিছু না করে একক ভাবে তাঁরা নিজেদের সভাপতি ও সম্পাদক ঘোষণা দিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে সভায় উপস্থিত এক বাস মালিক জানান, গতকাল দুপুরে কাউন্সিলর হুমায়ুন কবিরের দাওয়াতে তার বাসায় যান প্রায় ৬০ জন বাস মালিক। এসময় সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিনিবাস মালিক সমিতির সভাপতি হিসাবে সুলতান মাহমুদ ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের নাম প্রস্তাব রাখা হলে মালিকরা তাদের সমর্থন দেন। পরে খাতায় স্বাক্ষর দিয়ে মিনিবাস মালিক সমিতির সভাপতি সুলতান মাহামুদ ও হুমায়ুন কবিরকে সম্পাদক হিসাবে নির্বাচিত করেন তারা। তিনি বলেন, পরবর্তিতে সভাপতি ও সম্পাদক পূর্ণাঙ্গ কমিটি ঘোঘণা করবেন।
জানা গেছে, বাস মালিকদের ঘোষণাকৃত সভাপতি সুলতান মাহমুদ ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিমের অনুসারি।
এর মধ্যে হুমায়ুন কবির মেয়র সাদিক আবদুল্লাহ বিরোধী কাউন্সিলরের মধ্যে একজন। এছাড়া সুলতান মাহমুদ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। গত বছরের ৩ এপ্রিল শ্রমিক ইউনিয়ন কার্যালয় ভাঙচুর করে শ্রমিক নেতা সুলতান মাহমুদ সহ ২০ জনকে মারধর করা হয়।
এরপর পরিমল চন্দ্র দাসকে সভাপতি ও শাহারিয়ার বাবুকে সাধারণ সম্পাদক করে করা হয়। তারা দুজন শ্রমিক ইউনিয়নের দায়িত্ব পালন করেন। সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ মেয়রের মনোনয়ন না পাওয়ার ঘোষণা আসার পরই শ্রমিক ইউনিয়নে যাওয়া বন্ধ করে দেন তারা। এরপরই শ্রমিক ইউনিয়ন দখলে নেয় সুলতান মাহমুদের কমিটির সাধারণ সম্পাদক আরিফুর রহমান সুমন মোল্লা।
সিটি নিবার্চন শেষে হওয়ার ৮ দিন পর মিনিবাস মালিক সমিতির দখল নিতে নতুন কমিটি ঘোষণা করে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিমের অনুসারিরা। এ বিষয়ে নবনির্বাচিত কমিটির সভাপতি সুলতান মাহমুদ বলেন, বাস মালিকরা আমাদের নির্বাচিত করেছেন। কিন্তু এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কিছুই করা হয়নি।
আরজেএন