বরিশাল সিটি করপোরেশন ভোটগ্রহণ আজ, নিরাপত্তায় গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট

বরিশাল সিটি করপোরেশন ভোটগ্রহণ আজ। নির্বাচন সুষ্ঠু করতে শনিবার রাত থেকেই নগরজুড়ে নিরাপত্তা বাড়িয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোষ্ট বসিয়ে সন্দেহভাজন প্রাইভেটকারসহ অন্যান্য যানবাহন থামিয়ে তল্লাশি করেছে পুলিশ। রোববার সকালে নগরীর জেল খানার মোড়, বিবির পুকুর পাড়, কাকলীর মোড়, জিলা স্কুল, বটতলা, চৌমাথা, নথুল্লাবাদ, আমতলা ও রূপাতলী এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।
এদিকে নগরজুড়ে বিজিবির টহল অব্যাহত রয়েছে। বহিরাগতদের নগরী ছাড়ার জন্য কঠোর নির্দেশনা দিয়েছে প্রশাসন। তবে নির্দেশনা উপেক্ষা করে বহিরাগত যারা এখনও অবস্থান করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ কমিশনার সাইফুল ইসলাম।
জানা গেছে, নির্বাচনের দিন ভোটকেন্দ্র ও নগরীর নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন পুলিশ, র্যাব, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৪ হাজার ৪৩৪ জন সদস্য ও ৩০ জন নির্বাহী এবং ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ।
১২৬টি কেন্দ্রের ৮৯৪ বুথের জন্য দেড় হাজার ইভিএম রাখা হয়েছে। ভোটকেন্দ্রর নিরাপত্তা নিশ্চিতে বসানো হয়েছে ১ হাজার ২০০ ক্লোজ সার্কিট সিসি ক্যামেরা। বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির।
বিসিসি নির্বাচনে এবার ভোটার সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন পুরুষ ও ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন নারী ভোটার রয়েছে। মোট প্রার্থী হয়েছেন ১৬৭ জন, যার মধ্যে মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ১১৮ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৪২ জন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম বলেন, সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্নের লক্ষ্যে সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, প্রথমবারের মতো এবার বরিশালের সবগুলো কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে। আশা করছি, কেন্দ্রে ভোটার সমাগম ঘটবে এবং সুষ্ঠু পরিবেশে তারা ভোটে দেবেন।
আরজেএন