নগরীতে অস্ত্র বহন ও যান চলাচলে নিষেধাজ্ঞা রাত থেকেই

আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে আজ (১০ জুন থেকে) বাসসহ যন্ত্রচালিত পরিবহন চলাচল, ইঞ্জিন চালিত নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। এই সময়ে কোনো ধরনের অস্ত্র বহন ও প্রদর্শনের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মেট্রোপলিটন পুলিশ কমিশনার গণবিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করা হয়।
বিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০ জুন থেকে ১৪ জুন পর্যন্ত সিটি করপোরেশন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ চলাচল, অস্ত্র বহন বা প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করা হলো। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক নিরাপত্তাকর্মীদের অস্ত্র এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত হবে না।
এছাড়া আগামী ১১ জুন রাত ১২টা থেকে ১২জুন মধ্যরাত পর্যন্ত ট্রাক, বাস, মিনিবাস, মাইক্রোবাস, জিপ, পিকআপ, প্রাইভেটকার, ইজিবাইক ও লঞ্চসহ ইঞ্জিনচালিত কোনো ধরনের নৌযান চলাচল করতে পারবে না। একই সাথে ১০ জুন রাত ১২টা থেকে ১৩ জুন রাত ১২টা পর্যন্ত মোটর সাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে।
তবে নির্বাচনি দায়িত্বে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবহৃত যানবাহন এবং সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক, জরুরি চিকিৎসা, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিয়োগাযোগ কাজে ব্যবহৃত যানবাহন এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। অপরদিকে মহাসড়ক, বন্দর, জরুরি পণ্য সরবরাহ যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা শিথিল থাকবে এবং ইঞ্জিনচালিত ক্ষুদ্র নৌযান, ভোটারদের চলাচলের জন্য ব্যবহৃত ছোট নৌযান চলাচল করতে পারবে।
এসব নির্দেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।
আরজেএন