বস্তির ৫টি ঘর পুড়ে ছাই, খোলা আকাশের নিচে ক্ষতিগ্রস্তরা

বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম কলোনিতে আগুন লেগে ৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে বস্তির একটি ঘরে আগুন লাগে। এরপর মুহূর্তেই আশপাশের পাঁচটি ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়েই আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা। এরপর একে একে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ৮টি টিম।
স্থানীয় লোকজনের সহযোগিতায় তারা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে আহত হন অন্তত ১০ জন।
ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত সহকারি পরিচালক বেলাল উদ্দিন জানিয়েছেন, বস্তির মধ্যে কালাম নামে এক ব্যক্তির বৈদ্যুতিক একটি মিটার থেকে আগুনের সূত্রপাত। এতে চারটি ঘর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আরো ৪টি ঘর আংশিক ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলেও জানিয়েছেন তিনি।
এদিকে ঘরগুলো পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচে বসবাস করছেন ক্ষতিগ্রস্তরা। তারা সবাই শ্রমজীবী। সর্বস্ব হারিয়ে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগীরা।
এইচকেআর