বরিশাল সিটি করপোরেশনকে দুর্নীতি মুক্ত করবো: রুপণ

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান রুপণ বলেছেন, আমি নির্বাচিত হলে বরিশাল সিটি করপোরেশনকে দুর্নীতি ও রাজনৈতিক প্রভাবমুক্ত হিসেবে গড়ে তুলবো।
বিগত দিনেও আপনারা স্বশিক্ষিত মেয়রের কার্যক্রম দেখেছেন, একই প্রতীকে এবার যিনি আপনাদের কাছে ভোট চাইতে এসেছেন- তিনিও তার নির্বাচনী হলফনামায় নিজেকে স্বশিক্ষিত হিসেবে উল্লেখ করেছেন। তারা একই পরিবারের মানুষ। তাদের পরিবারের জনসেবার নমুনা আপনাদের কাছে স্পষ্ট। বিষয়টি মাথায় রেখে বরিশালের ভোটারগণ এবার ভোট দিবেন বলে আমার দৃঢ় বিশ্বাস।
বুধবার সকালে বরিশাল নগরীর পলাশপুর এবং বিকেলে ফিশারী রোডসহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
রুপণ বলেন, তরুণ প্রজন্মের শিক্ষিত মানুষ হিসেবে আমাকে ভোট দিয়ে বিজয়ী করলে আপনাদের সম্মান ও মর্যাদা রক্ষা এবং নগরীর উন্নয়নে সবসময় ভূমিকা রাখার চেষ্টা করবো।
তিনি বলেন, আমার মরহুম বাবা আহসান হাবিব কামাল তাঁর সারাটি জীবন মানুষের জন্য কাজ করেছেন, সেই আদর্শ থেকে শিক্ষা নিয়ে আমিও আপনাদের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই। সে জন্য আপনারা ১২ জুন টেবিল ঘড়ি প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন- সেই প্রত্যাশা করছি।
এইচকেআর