সিটির সকল মসজিদ মাদ্রাসার উন্নয়ন করা হবে: খোকন সেরনিয়াবাত

বরিশাল সিটি করপোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেছেন, খেয়াল খুশি মত ধর্মকে ব্যবহার করলে সমাজ ক্ষতিগ্রস্ত হয়। ধর্ম একটা অস্ত্র হিসেবে ব্যবহার করে ফায়দা লুটে নিচ্ছে এক শ্রেণির মানুষ। এতে করে প্রকৃত ধর্মশিক্ষা বিলীন হয়ে যাচ্ছে। সুষ্ঠু সুন্দর সমাজ গঠনে সুশিক্ষা এবং ধর্মের সঠিক চর্চাই পারে পরিবর্তন করতে।
রোববার রাত সাড়ে ৯ টায় নগরীর বগুড়া রোড ক্রাউন কনভেনশন হলে জাতীয় ইমাম সমিতি মহানগর কমিটি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খোকন সেরনিয়াবাত বলেন, অবহেলিত বরিশালকে একটি আধুনিক সমৃদ্ধশালী স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলা হবে। সিটির উন্নয়নের স্বার্থে ১২ জুন কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করে বিজয়ী করার আহবান জানান তিনি।
জাতীয় ইমাম সমিতির বরিশাল মহানগর শাখার সভাপতি কাজী আবদুল মান্নানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগে যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, মেজর (অবঃ) মহসিন শিকদার। এছাড়াও উপস্থিত ছিলেন, মাওলানা মির্জা নুরুর রহমান বেগ, মনিরুজ্জামান নূরানী, জাতীয় ইমাম সমিতির বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সামসুল আলম, সাংগঠনিক সম্পাদক মাওলানা জামাল উদ্দিন সহ মহানগর শাখার নেতৃবৃন্দ ও নগরীর বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণ।
এইচকেআর