নির্বাচিত হলে নিরাপদ নগরী গড়ে তুলবো: তাপস

বিসিসির জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস বলেছেন ভয়ভীতি, হুন্ডা আর গুন্ডার মহড়ার দিন শেষ। আপনারা গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে দেখেছেন সেখানে মন্ত্রী, এমপি, নায়ক-নায়িকাদের দিয়েও নৌকা জেতাতে পারিনি। ডুবে যাওয়া নৌকাতে বরিশালবাসী উঠবেনা। আপনারা দেখেছেন সরকারি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গাড়ি ব্যাবহার করে নৌকায় ভোট চাইতে এসেছে বিভিন্ন জেলার মানুষ। তারা জানেনা বরিশালের মানুষ আর প্রতারিত হবেনা।
বৃহস্পতিবার বিকেলে নগরীর ৩০ নং ওয়ার্ডের চহঠা, তালুকদারবাড়ী বিভিন্ন স্থানে উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
তাপস বলেন, গত ১৫ বছর যারা আমাদের ভোট কেড়ে নিয়েছে তাদেরকে বরিশালবাসী এবার প্রত্যাখান করবে। তিনি ভোটারদের কাছে লাঙ্গল মার্কায় ভোট চেয়ে বলেন, আমাকে ভোট দিলে বরিশাল দখলমুক্ত হবে। সন্ত্রাস ও মাদকের কোন জায়গা হবেনা। সবার জন্য নিরাপদ নগরী গড়ে তুলবো।
এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা জাতীয় পার্টি সদস্য সচিব এ্যাডভোকেট এম এ জলিল, ইসমত আরা ইকবাল, বরিশাল ফরএভার লিভিং সোসাইটির পরিচালক এস এম ইমামুল হাসান শামীম।
পরে সন্ধ্যা ৭ টায় বিসিসির জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপসকে ফুলেল শুভেচ্ছা জানান নগরীর নথুল্লাবাদের বাবসায়ীরা।
এইচকেআর