বিসিসি নির্বাচন: জেলা ও মহানগর আ.লীগের বর্ধিত সভা আজ

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ঘোষণার টানা এক মাস ১২ দিন পরে আজ বর্ধিত সভা করছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। বরিশাল সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে গঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় টিমের আহ্বানে শুক্রবার বিকাল ৩টায় গৌরনদী পৌরসভা চত্বরে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় টিমের প্রধান ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ। তবে এ বর্ধিত সভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত অংশগ্রহণ করবেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
খোকন অনুসারীরা বলছেন, ‘শুক্রবার মেয়রপ্রার্থীর দিনভর যেসব কর্মসূচি রয়েছে তারমধ্যে গৌরনদীতে বর্ধিত সভায় অংশগ্রহণ কর্মসূচি নেই। তাছাড়া বর্ধিত সভায় মেয়র প্রার্থীর অনুসারী নেতারা অংশগ্রহণ করছেন না বলে, অনেকটা নিশ্চিত হওয়া গেছে।
যদিও মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর বলছেন, ‘বর্ধিত সভা ডেকেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। সেখানে মেয়র প্রার্থী অবশ্যই উপস্থিত থাকবেন।
জানা গেছে, ‘গত ১৫ এপ্রিল বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের পুত্র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতের নাম ঘোষণা করে দলের মনোনয়ন বোর্ড। পরবর্তী গত ২০ এপ্রিল কেন্দ্রীয় নেতাদের নিয়ে বরিশালে আসেন তিনি।
এদিকে, ‘দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ঘুঁচিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে গত ১৭ মে বরিশাল সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগের টিম গঠনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নির্দেশে ওইদিনই আবুল হাসানাত আবদুল্লাহকে প্রধান করে গঠন করা হয় কেন্দ্রীয় টিম। যেখানে দলের দুজন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিমও রয়েছেন।
বর্ধিত সভার দিনেই দলের দপ্তর সম্পাদক স্বাক্ষরীত বিজ্ঞপ্তিতে সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ২৬ মে ও ১ জুন বর্ধিত সভার সময় ঘোষণা করা হয়। পৃথক দুটি বার্ধিত সভায় মেয়রপ্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ উপস্থিত থাকবেন বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল। পূর্ব ঘোষণা অনুযায়ী ২৬ মে শুক্রবার বিকালে গৌরনদীতে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভার সকল আয়োজন সম্পন্ন হয়েছে।
তবে এই সভায় সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত অংশগ্রহণ করবেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বর্ধিত সভার দিনে স্থানীয় নির্বাচন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি। এমনটিই নিশ্চিত করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির কয়েকজন নেতা।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের মেয়র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির একজন সক্রিয় সদস্য জানিয়েছেন, ‘খোকন সেরনিয়াবাতের বর্ধিত সভায় অংশগ্রহণ না করার সম্ভাবনাই বেশি। তবে তাঁর সাথে থাকা আওয়ামী লীগ ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের অধিকাংশ নেতাকর্মী বর্ধিত সভায় যাবেন না।
মহানগর আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘২৬ মে প্রার্থীদের প্রতীক বরাদ্দের দিন। এই দিনটিকে ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল-মিটিং নিয়ে ব্যস্ত থাকবে। প্রচার-প্রচারণা শুরু করবেন। তাই দলীয় প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটিসহ অন্য কোন নেতাকর্মীই বরিশাল থেকে গৌরনদী যেতে চাচ্ছে না।
এ প্রসঙ্গে নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য লস্কর নুরুল হক বলেন, ‘আমি তো আওয়ামী লীগের কেউ না, আমাকে ওই বর্ধিত সভায় আমন্ত্রণ জানানো হয়নি। তাই আমি সেখানে যেতে পারছি না। তবে প্রার্থী যাবেন কিনা সেটা বলতে পারছি না।
বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক এই সভাপতি বলেন, ‘এতোটুকু বলতে পারি শুক্রবার প্রার্থীর দিনভর নানা কর্মসূচি রয়েছে। এর মধ্যে সকাল ১০টায় তিনি নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক গ্রহণ করবেন। এছাড়া বেলা সাড়ে ১২টায় নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের হাউজিং এস্টেটের একটি মসজিদে তিনি জুমার নামাজ আদায় করবেন। বিকাল ৪টায় নগরীর কলাডেমা কাজীবাড়িতে উঠান বৈঠক এবং সন্ধ্যা ৭টার পর ১৪ নম্বর ওয়ার্ডের রিফিউজি কলোনীতে যাবেন। এসব কর্মসূচিতে তিনি প্রধান অতিথি। তবে গৌরনদীতে বর্ধিত সভায় অংশগ্রহণের বিষয়টি তাঁর কর্মসূচিতে নেই।
অপরদিকে, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করীম বলেন, ‘২৬ মে সারাদিন আমার ব্যস্ততা রয়েছে। সকালে প্রতীক আনতে নির্বাচন কর্মকর্তার কার্যালয় যেতে হবে। বিকালে কলাডেমায় নির্বাচনী কর্মসূচিতে অংশগ্রহণ করবো। সারাদিন যেসব কর্মসূচি আছে সেগুলোতে প্রধান অতিথি মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত। এখন তিনি এসব প্রোগ্রামে থাকবেন নাকি গৌরনদীতে বর্ধিত সভায় যাবেন সেটা নিশ্চিত করে বলতে পারছি না।
বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আওয়ামী লীগ মনোনীন মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতের মুঠোফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।
তবে মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর বলেন, ‘শুক্রবার সকাল ১১টায় আমরা বর্ধিত সভায় অংশগ্রহণের উদ্দেশ্যে বরিশাল থেকে গৌরনদীর উদ্দেশে রওয়ানো করবো। তবে দলীয় প্রার্থী বর্ধিত সভায় অংশগ্রহণ করবেন না, এমন কোন তথ্য আমার জানা নেই।
তিনি বলেন, বর্ধিত সভা আমরা ডাকিনাই, ডেকেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। আর প্রার্থীর সাথে কথা বলেই বর্ধিত সভা ডাকা হয়েছে। এই সভার মূল নায়ক হলেন আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত। তিনি থাকবেন না, এটা কি করে হয়। তিনি অবশ্যই থাকবেন।
টিইউ