বরিশাল সার্কিট হাউজের অধুনিকায়ন ও ডিসি অফিসের গেট-রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

তিন কোটি ৯২ লাখ ৪৭ হাজার ৪৫১ টাকা ব্যয়ে বরিশাল সার্কিট হাউজের সংস্কার ও আধুনিকায়ন কাজ এবং জেলা প্রশাসকের কার্যালয়ের মেইন গেট ও রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে ভার্চুয়ালি যুক্ত থেকে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এই নির্মাণ কাজের উদ্বোধন করেন। পরে জেলা প্রশাসন সার্কিট হাউজে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব বলেন, একদিকে পদ্মাসেতু অন্যদিকে পায়রা সমুদ্র বন্দর ও তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ফলে বরিশালের গুরুত্ব অনেক বেড়েছে। এজন্য বরিশাল সার্কিট হাউজে শুধু দেশি গণ্যমাণ্য ব্যক্তিরা নয়, বিদেশীদেরও আগমন বেড়েছে।
এসময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন, বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসানসহ আট বিভাগীয় কমিশনার। এসময় যুক্ত ছিলেন ডিআইজি এসএম আক্তারুজ্জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার খোন্দকার আনোয়ার হোসেন, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার ইউনুস, গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মানিক লাল দাস, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক, সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
সভায় জানানো হয় সার্কিট হাউজের অভ্যন্তরে দক্ষিণ পার্শ্বের গেইটসহ নিরাপত্তা বেষ্টনি নির্মাণ ও সৌন্দর্যবর্ধন ব্যয় ২৫ লাখ টাকায়। সার্কিট হাউজের স্যালুটিং ডায়াস এবং প্যারেড গ্রাউন্ড পুনঃনির্মাণ ওয়াল রংকরণ ব্যয় ১৭ লাখ ৯২ হাজার ৯৫ টাকায়।
কক্ষ আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধনে ব্যয় ৪২ লাখ ৬০ হাজার ৯০৩ টাকায়। দ্বিতীয় তলার দুইটি ভিআইপি কক্ষ আধুনিকায়ন ব্যয় এক কোটি ১৭ লাখ টাকায়। তৃতীয় তলার দুইটি ভিআইপি কক্ষ আধুনিকায়ন ব্যয় এক কোটি ২৩ লাখ টাকায় সম্পন্ন করা হবে। এছাড়া ৬৭ লাখ ৬১ হাজার টাকায় গেইট ও রাস্তা নির্মাণ করা হবে।
এইচকেআর