৫ বছর পর নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করলেন বিএনপি নেতা স্বপন

নানান বাধা-বিপত্তি উপক্ষো করে দীর্ঘ পাঁচ বছর পর নিজ এলাকা বরিশালের গৌরনদীতে নেতাকর্মীদের নিয়ে ঈদের নামাজ আদায় করলেন বিএনপির মিডিয়া সেলের প্রধান, বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।
শনিবার সকালে বরিশাল শহরের বাস ভবন থেকে সড়ক পথে রওনা হয়ে সকাল সাড়ে ৭টার দিকে তিনি সরিকল গ্রামের নিজ বাড়িতে এসে পৌঁছান। সামনে-পিছনে শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে দলের নেতাকর্মীরা তাকে বরিশাল শহর থেকে নিজ গ্রামের বাড়িতে পৌঁছে দেন। সেখানে অপেক্ষমান বিএনপির হাজার হাজার নেতাকর্মীদের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন এবং তাদেরকে সঙ্গে নিয়ে তিনি গ্রামের সামাজিক ঈদগা মাঠে যান। সেখানে সকাল ৮টায় অনুষ্ঠিত ঈদের জামাতে উপস্থিত হয়ে তিনি দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
পরে তিনি তার নির্বাচনী এলাকা বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত দলের তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় শেষে সকাল ১০টার দিকে বরিশাল শহরের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যান।
সরিকল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন মৃধা বলেন, ২০১৮ সালের নির্বাচনের পর স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা-মামলা আর বাধার কারণে জহিরউদ্দিন স্বপন এলাকায় আসতে পারছিলেন না। তিনি এলাকায় আসার পর তার গাড়িবহরে যেমন হামলা হতো তেমনি তিনি চলে যাওয়ার পর স্থানীয় নেতাকর্মীদের ওপর নির্যাতনের ভয়াবহতা নামতো।
সম্ভাব্য হামলা ও রক্তপাত এড়াতে আমাদের নেতা এতদিন এলাকায় আসেননি। দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি ঘোষিত আগামীর আন্দোলন সংগ্রামকে বেগবান করায় নেতাকর্মীদের মনে সাহস যোগাতে এবার তিনি সরকারি দল আওয়ামী লীগের হুমকি, ধামকি উপেক্ষা করলেন। এতে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা দারুণ উজ্জিবিত হয়েছেন।
এইচকেআর