ঢাকা শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিক এম. মিরাজকে হাসপাতালে দেখতে গেলেন মুফতি ফয়জুল করিম সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা-ভাঙচুর বরিশালে ৬৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা আগামীর গেমচেঞ্জার হবে তরুণরাই: ইউজিসি সদস্য বেতন বকেয়াসহ আট দফা দাবিতে বরিশালে ফরচুন সুজ শ্রমিকদের সড়ক অবরোধ এক মাসে উদ্ধার ২০ হারানো মোবাইল মালিকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ এলএলবি পরীক্ষায় দেশ সেরা প্রথম শ্রেণীতে প্রথম গৌরনদীর জান্নাতুল ফেরদৌস আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্য,পরিবারের দাবি হত্যা! বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন 
  • গৌরনদীতে বিএনপির কেন্দ্রীয় নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ 

    গৌরনদীতে বিএনপির কেন্দ্রীয় নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদীতে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য গাজী কামরুল ইসলামের গ্রামের বাড়িতে ককটেল বিস্ফোরণ করে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার চাদশী গ্রামের এ ঘটনা ঘটেছে। গাজী কামরুল ইসলামের দাবি, এ ঘটনার সঙ্গে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়িত।

    তবে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীন বলেন, ‘আমাদের দলে নেতা-কর্মীদের প্রতি এ ধরনের ঘটনা ঘটানোর বিষয়ে কোনো নির্দেশনা নেই। ওই ঘটনার সঙ্গে আমাদের কোনো নেতা-কর্মী জড়িত নয়। হয়তো তাঁদের দলের (বিএনপি) অভ্যন্তরীণ কোন্দল কিংবা অন্য কারণে ঘটনা ঘটতে পারে।’

    গাজী কামরুল ইসলামের ওই বাড়িতে তাঁর মা-বাবা ও এক ভাই থাকেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ শুক্রবার তাঁর বাড়িতে আসার কথা। গাজী কামরুল ইসলাম জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোট শাখার যুগ্ম মহাসচিবের পদেও আছেন।

    গাজী কামরুল ইসলামের বাবা গাজী আবদুল খালেক বলেন, রাতে তিনি তাঁর স্ত্রী ও ছেলে সজীব গাজীর সঙ্গে খাওয়াদাওয়া করছিলেন। এ সময় হঠাৎ বাড়ির আঙিনায় পরপর পাঁচ থেকে ছয়বার ককটেল বিস্ফোরণের শব্দ পান। বাড়ির বাইরে কয়েকজন ব্যক্তি গালিগালাজ করেন এবং বাড়ির কলাপসিবল গেটে ধাক্কাধাক্কি করেন। এ সময় বাড়ির কলাপসিবল গেটের বাইরের অংশে ভাঙচুর চালানো হয়। একপর্যায়ে হামলাকারীরা কামরুলের ইসলামের ভাইয়ের নাম ধরে ডাকাডাকি করে বাড়ির বাইরে আসতে বলেন। তবে আতঙ্কিত হয়ে বাড়ির লোকজন কেউ বাইরে বের হননি। কিছু সময়ের মধ্যে প্রতিবেশীরা বের হয়ে এলে হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যান।


    কামরুল ইসলামে বলেন, ঈদ উপলক্ষে আজ তাঁর বাড়িতে আসার কথা। চাদশী গ্রামে ঈদের নামাজ আদায়ের পাশাপাশি স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় কথা আছে। বিষয়টি টের পেয়ে আওয়ামী লীগের নেতা-কর্মী মহড়া দিয়ে তাঁর বাড়িতে গিয়ে ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করেছেন, যেন তিনি ঈদে বাড়িতে না যান। ঈদে তাঁর বাড়িতে যাওয়া ঠেকাতেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করেছে বলে তিনি দাবি করেন। এ ঘটনার পরই তিনি বিষয়টি গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মুঠোফোনে জানিয়েছেন।

    গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন বলেন, রাতে বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। তবে এ ধরনের কোনো ঘটনার কথা কেউই বলতে পারেননি। এ ঘটনায় আজ সকাল পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেননি।

    নাম প্রকাশ না করার শর্তে চাদশী গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, গতকাল আনুমানিক রাত ১০টার দিকে বিস্ফোরণের শব্দে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। পড়ে বিস্ফোরণ থেমে গেলে তাঁরা ঘটনাস্থলে এসে জানতে পারেন, বিএনপি নেতার বাড়ির আঙিনায় দুর্বৃত্তরা হামলা করেছে।

    বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, বিএনপি কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সব কেন্দ্রীয় নেতাকে নিজ এলাকায় গিয়ে ঈদ করা এবং স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের নির্দেশনা রয়েছে। এ কারণে বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে যাওয়া ঠেকাতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ