শেখ হাসিনার সিদ্ধান্তই চুড়ান্ত সিদ্ধান্ত: সাদিক আবদুল্লাহ

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, নেত্রী (শেখ হাসিনা) আমার চাচাকে সিটি নির্বাচনে মনোনয়ন দিয়েছেন সুতরাং তার সিদ্ধান্তই চুড়ান্ত সিদ্ধান্ত। মঙ্গলবার দুপুর দুইটার দিকে বরিশাল নগর আওয়ামী লীগের এক বিশেষ সভায় নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে থেকে লাইভে এসে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কারও কোন সন্দেহ এখানে থাকা উচিত নয়। যিনি নমিনেশন পেয়েছেন তিনি আমার চাচা, সুতরাং কেউ এমন কোন কাজ করবেন না যাতে অন্য পক্ষ সুযোগ পায়।
সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মেয়র সাদিক আরও বলেন আমাদের রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আবদুল্লাহকে নিয়ে আমার চাচা খোকন সেরনিয়াবাত কে সাথে নিয়ে খুব শীঘ্রই জেলা ও মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় সামনের নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
এ সময় সাদিক আবদুল্লাহ আবারো বলেন নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত। সাদিক আবদুল্লাহর এ ঘোষনার মধ্য দিয়ে বরিশাল মহানগর আওয়ামীলীগের অবস্থান নিশ্চিত হওয়া গেল।
একি সাথে আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতকে নিয়ে তারা কাজ করবেন এমন অবস্থানও নিশ্চিত হওয়া গেল। প্রসঙ্গত বরিশাল আওয়ামী লীগ সাদিক আবদুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ। এখানে সাদিক আবদুল্লাহ মনোনায়ন না পাওয়ায় নেতাকর্মীরা অনেকটা দ্বিধা দন্ডে ছিল। কিন্তু সাদিক আবদুল্লাহর এ বৈঠকের পর সব পরিস্কার হয়ে গেল।
বরিশাল নগরীর কালিবাড়ি রোডস্থ সেরনিয়াবাত ভবনে অনুষ্ঠিত হওয়া ঐ বৈঠকে বরিশাল মহানগর আওয়ামীলীগের সকল ওয়ার্ড পর্যায়ের নেতারা ও বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন। তবে সাদিক বিরোধী কোন নেতা ঐ বৈঠকে অংশ নেয়নি। ভিডিও কনফারেন্স এ সাদিক আবদুল্লাহকে অনেকটা শান্ত এবং আগের মতই নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করতে দেখা গেছে।
বৈঠকে নগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর হোসেন সভাপতিত্ব করেন।এছাড়াও বরিশাল সিটি কপোরেশনের প্যানেল মেয়ররা, উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বরিশাল প্রেসক্লাবের সম্পাদক এসএম জাকির হোসেন সহ ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
এইচকেআর