বরিশাল সিটিতে নৌকা পেলেন আবুল খায়ের আবদুল্লাহ

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত।
আজ গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মনোনয়ন বোর্ডের সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ নাম ঘোষণা করেন। আওয়ামী লীগের মনোনয়ন পেতে ফরম কিনেছিলেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ সাতজন।
তবে নগরবাসীর অনেকের ধারণা ছিল, এবারও হয়তো মেয়র সেরনিয়াবত সাদিক আবদুল্লাহ দলের মনোনয়ন পাবেন। কিন্তু রাজনৈতিক কৌশলে শেষমেষ খোকন সেরনিয়াবাতের কাছে হার মানতে হলো তাঁকে। এঁরা দুজন আপন চাচা-ভাতিজা।
এদিকে এই সিটির মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন আওয়ামী লীগ নেতা আমিন উদ্দীন, শিল্পপতি মিজানুর রহমান, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, বিএম কলেজের সাবে ভিপি মঈন তুষার ও মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন।
একই সময়ে অন্য চার সিটি করপোরেশনের মনোনীতদের নামও ঘেষাণা করা হয়।
এর মধ্যে গাজীপুরে অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, সিলেটে আনোয়ারুজ্জামান চৌধুরী, রাজশাহীতে খায়রুজ্জামান লিটন এবং খুলনায় মনোনয়ন পেয়েছেন তালুকদার আব্দুল খালেক। আগামী ১২ জুন এই পাঁচ সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।
এইচকেআর