বরিশালসহ পাঁচ সিটির মেয়র পদে আ’লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

বরিশাল সহ দেশের পাঁচ সিটি কর্পোরেশনের মেয়র পদে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। আজ রবিবার সকালে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ কার্যক্রম শুরু করেন উপদপ্তর সম্পাদক সায়েম খান।
১২ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে জানানো হয়েছে।
বরিশাল সিটি নির্বাচনে আওয়মী লীগ থেকে বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, তার চাচা সেরনিয়াবাত আবুল খায়ের ওরফে খোকন, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন ও সরকারি বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষারের প্রার্থীতা ঘোষণার খবর পাওয়া গেছে।
এদিকে পাঁচ সিটির পাশাপাশি একই সময়ে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে এবং কক্সবাজার সদর, নারায়ণগঞ্জের আড়াইহাজার, গোপালদী, বগুড়ার তালোড়া, টাঙ্গাইলের বাসাইল পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে বলে জানানো হয়েছে।
টিইউ