সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গৌরনদীতে মানববন্ধন

সংবাদ প্রকাশের জেরে বরিশালের গৌরনদীতে যুগান্তরের প্রতিনিধি মো. আসাদুজ্জামান রিপনসহ অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার সকালে বরিশাল-ঢাকা মহাসড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন শেষে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি মো. বদরুজ্জামান খান সবুজের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. গিয়াসউদ্দিন মিয়া, সাবেক সভাপতি খোকন আহম্মেদ হীরা, সহ-সভাপতি মনীষ বিশ্বাস, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাবু, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জামালউদ্দিন, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর বিশ্বাস ননী প্রমূখ।
বক্তারা বলেন, আগৈলঝাড়ায় অনৈতিক কাজের সময় স্থানীয় লোকজনের হাতে ধরা পড়ার ঘটনা আড়াল করতে সংবাদ প্রকাশের জেরে প্রবাসীর স্ত্রী লাকি বেগমের দায়েরকৃত শ্লীলতাহানি, চাঁদাবাজি ও লুটপাটের মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। অবিলম্বে মিথ্যা মামলাটি প্রত্যাহারের দাবি জানিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।
উল্লেখ্য, অনৈতিক কাজের সময় গত ২৫ জানুয়ারি রাতে আগৈলঝাড়ায় স্থানীয় লোকজন হাতেনাতে প্রবাসীর স্ত্রী লাকি বেগম ও ফরিদপুরের পরকীয়া প্রেমিক মাসুদ খানকে আটক করে। এ সংবাদ দৈনিক যুগান্তরে সংবাদ প্রকাশিত হলে ক্ষিপ্ত হয় লাকি বেগম।
সংবাদ প্রকাশের জেরে যুগান্তরের গৌরনদী প্রতিনিধি মো. আসাদুজ্জামান রিপন ও দৈনিক আজকালের খবর পত্রিকার প্রতিনিধি রনি কাজী এবং গৌরনদী ৪ জন ও আগৈলঝাড়ার ৩ জনকে আসামি করে গত ৬ ফেব্রুয়ারি বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শ্লীলতাহানি, চাঁদাবাজি, লুটপাটের অভিযোগ এনে একটি মামলা দায়ের করে।
এইচকেআর