চরমোনাই মাহফিল শুরু, অংশ নিয়েছেন দেশ-বিদেশের শীর্ষ আলেমরা

বরিশালের ঐতিহাসিক চরমোনাই দরবার শরীফের তিন দিনব্যাপী ফাল্গুনের বার্ষিক ওয়াজ মাহফিল বুধবার (১৫ ফেব্রুয়ারি) শুরু হয়েছে। মাহফিলে অংশ নিয়েছেন দেশে-বিদেশের শীর্ষ আলেমরা।
লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে শুরু হওয়া মাহফিলে উদ্বোধনী বয়ান করেন চরমোনাই পীর আলহাজ্ব হজরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
চরমোনাই মাহফিলে দেশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিদের আগমন ঘটেছে।
দেশের বাইরে থেকেও বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেছেন।
মাহফিলে চরমোনাই পীর, চরমোনাই তরিকার খলিফা ও ভারতের দেওবন্দ, সৌদিআরব সহ মধ্যপ্রাচ্যেও বেশ কিছু বিশিষ্ট ওলামায়ে কেরাম অংশ নিয়ে মূল্যবান আলোচনা পেশ করবেন।
মাহফিলে মুসল্লীদের খাবারের জন্য প্রত্যেকটি মাঠের চারিদিকে সুপেয় নিরাপদ পানির ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া মুসল্লীদের ৬,০০০ হালকায় বিভক্ত করে হাতে-কলমে সালাত ও ইসলামের বুনিয়াদি বিষয়ে বাস্তব প্রশিক্ষণ দেয়া হয়।
প্রতিবারের মতো ১০০ শয্যা বিশিষ্ট অস্থায়ী হাসতাপাল স্থাপন করা হয়েছে। এতে ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে আরো ৪০ জন চিকিৎসকের সমন্বয়ে চিকিৎসা সেবা পরিচালিত হচ্ছে। ৬ টি এ্যাম্বুল্যান্স ও ১ টি স্পীড বোর্ড হাসপাতালে কার্যক্রমে নিয়োজিত রয়েছে। মাঠে অসুস্থ হয়ে পড়া রোগীকে মাহফিল হাসপাতালে পৌঁছানোর জন্য নিযুক্ত রয়েছে বিশেষ স্বেচ্ছাসেবক বাহিনী।
ছয়টি মাঠে মাহফিলের শৃঙ্খলা রক্ষায় প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক নিযুক্ত করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও নিজস্ব নিরাপত্তা বাহিনী মুসল্লিদের নিরাপত্তা দিচ্ছে।
উদ্বোধনী বয়ানে দেশ ও জাতির শান্তি কামনা করে চরমোনাই পীর বলেন, চরমোনাই মাহফিল দুনিয়াবি উদ্দেশ্যে নয় বরং পথভোলা মানুষকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্যই এই মাহফিল প্রতিষ্ঠা করা হয়েছে। সুতরাং এখানে দুনিয়াবি কোনো উদ্দেশ্য সাধনের জন্য আসার প্রয়োজন নেই। যদি এমন কেউ এসে থাকেন তবে নিয়ত পরিবর্তন করে আত্মশুদ্ধির জন্য প্রস্তুতি গ্রহণ করুন।
তিনি বলেন, যারা চরমোনাইতে নতুন এসেছেন, তারা দুনিয়ার ধ্যান-খেয়াল বিদায় করে দিয়ে আখেরাতের খেয়াল-ধ্যান অন্তরে যায়গা দেন। দিল থেকে বড়ত্ব এবং আমিত্ব ভাব বের করে দিয়ে আল্লাহর কুদরতি পায়ে নিজেকে বিলীন করে দিতে হবে। সদা-সর্বদা আল্লাহর জিকিরের মাধ্যমে দিলকে তরতাজা রেখে আল্লাহর ওলী হয়ে চরমোনাই থেকে বিদায় নেয়ার প্রস্তুতি নিতে হবে।
তিন দিনব্যাপী এ মাহফিলে দ্বিতীয় দিন সারাদেশ থেকে আশা ওলামায়ে কিরামদের নিয়ে ওলামা সম্মেলন ও শেষদিন সকালে সারাদেশ থেকে আগত ছাত্র-জনতাকে নিয়ে ছাত্র গণজমায়েত অনুষ্ঠিত হবে ।
আগামী শনিবার (১৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৮ টায় পীর সাহেবের আখেরি মোনাজাতের মাধ্যমে এবারের মাহফিলের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।
এইচকেআর