ঢাকা শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news

'করোনা ও আওয়ামী লীগ সব কিছু তছনছ করে দিচ্ছে'

'করোনা ও আওয়ামী লীগ সব কিছু তছনছ করে দিচ্ছে'
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

'দেশে এখন করোনা আর আওয়ামী লীগ সরকার- এই দুই দানব সব কিছু তছনছ করে দিচ্ছে। ফলে আমরা বাধাগ্রস্ত হচ্ছি। এটাকে জয় করতে হবে।'

জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বুধবার (৯ জুন) সকালে রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বই প্রদর্শনী ও আলোচনাসভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, 'দেশে এখন করোনা আর আওয়ামী লীগ সরকার এই দুই দানব সকল কিছুকে তছনছ করে দিচ্ছে। ফলে আমরা বাধাগ্রস্ত হচ্ছি। এটাকে জয় করতে হবে। এটা জয় করেই এগিয়ে যেতে হবে।' তিনি বলেন, 'এমনি এমনি আওয়ামী লীগ ক্ষমতা দেবে না, মেধা ও প্রজ্ঞার লড়াইয়ের মাধ্যমে তাদের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে আনতে হবে।'

নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, 'যুদ্ধ করতেই হবে। এরা (আওয়ামী লীগ) এমনি এমনি আপনাকে ক্ষমতায় নিয়ে আসবে না। এরা একেবারেই ডিক্টেটর বনে গেছে। নির্বাচন করে এরা কোনো দিন জিততে পারবে না। এরা নির্বাচন নিয়ে তামাশা করবে। কিন্তু সব কিছু নিয়ন্ত্রণ করে নিজেদেরকে জয়ী করবে।'

মির্জা ফখরুল আরো বলেন, নির্বাচন করে কখনো আওয়ামী লীগ জিততে পারবে না জেনেই স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় টিকে আছে। নির্বাচনের সময় এলেই জনগণকে ধোঁকা দিয়ে তারা নির্বাচনী খেলা তৈরি করে।

বিএনপিকে নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, 'ওদের কথার কী উত্তর দেব, ওদের কথায় তো ঘোড়াও হাসে। কখন কী বলে না বলে, তারা নিজেরাও জানে না।'

জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জহির দীপ্তির সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন