৮০০ কেজি জাটকাসহ কীর্তনখোলায় আটক ৮

বরিশালের কীর্তনখোলা নদীর চরমোনাই এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে ৮শ’ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। এ সময় ট্রলারে থাকা ৮ জনকে আটক করা হলেও পরে তাদের মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শফিউল কিঞ্জল।
তিনি বলেন, ৫ জানুয়ারি দিবাগত রাত ৩টায় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের বরিশাল স্টেশনের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম আতাহার আলীর নেতৃত্বে একটি টিম ওই অভিযান পরিচালনা করে। এ সময় অভিযানে কীর্তনখোলা নদীর সদর উপজেলার চরমোনাই স্টিল ব্রিজ সংলগ্ন এলাকায় একটি ট্রলারে তল্লাশি চালিয়ে ৮শ’ কেজি জাটকাসহ ৮ জনকে আটক করা হয়।
পরে জাটকা বহনকারী ট্রলারে বড় ইলিশসহ অন্যান্য মাছ থাকায় আটকদের মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাসের উপস্থিতিতে জব্দ জাটকা বিভিন্ন মাদরাসা ও এতিমখানা, বৃদ্ধাশ্রম ও অসহায়-দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।
এএজে