ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news

বরিশালে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

বরিশালে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

“আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই স্লোগান নিয়ে বরিশালে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা, র‌্যালি এবং রোড শো অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে এবং বিকালে জেলা প্রশাসন ও বিআরটিএ যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

সকাল ১১টায় বরিশাল সার্কিট হাউজে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এছাড়া সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহ মো. রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন- বরিশাল জেলার পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন, বিআরটিএ বরিশাল সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) এন ডি শাহ্ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মোহাম্মদ ইউনুস, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক-বীর প্রতীকসহ বাস মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় অতিথিবৃন্দ জাতীয় নিরাপদ সড়ক দিবসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পাশাপাশি নিরাপদ সড়ক বাস্তবায়নে সড়ক আইন মেনে চলার আহ্বান জানান অতিথিবৃন্দ।

এর আগে দিবসটি উপলক্ষে সার্কিট হাউজ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়া বিআরটিএ'র আয়োজনে বিকেল সাড়ে ৩ টায় নগরীর নথুল্লাবাদ বাস র্টামিনালে এবং বিকাল সাড়ে ৪টায় রূপাতলী বাসস্ট্যান্ড এলাকায় রোড শো অনুষ্ঠিত হয়।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন